রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শাহাদৎ হোসেন ওরফে লিটনের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনের রাস্তায় ওই মানববন্ধন হয়।
এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক সালেহ হাসান প্রমুখ। মানববন্ধন শেষে একটি শোক র্যালি বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। শোক র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগে গিয়ে শেষ হয়।
গত শুক্রবার রাত আটটার দিকে রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির ছাত্রাবাসে ডেকে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে শাহাদৎকে গলা কেটে হত্যা করা হয়।