শাহাদাতকে নিয়ে মাঠে মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ধোনিরপুল এলাকায় গণসংযোগের সময় বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সঙ্গে নেন মনজুর আলম l প্রথম আলো
চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ধোনিরপুল এলাকায় গণসংযোগের সময় বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সঙ্গে নেন মনজুর আলম l প্রথম আলো

আত্মগোপন থেকে বেরিয়ে দল-সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালালেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। গতকাল বুধবার মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে বাকলিয়া এলাকায় তিনি প্রচারণায় অংশ নেন।
গতকাল বেলা ১১টার দিকে পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ধোনিরপুল এলাকায় কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত হন শাহাদাত হোসেন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন মনজুর আলম। দুজনের দেখা হওয়ামাত্রই মনজুর আলমকে বুকে জড়িয়ে ধরেন শাহাদাত। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তাঁরা। পরে খোলা ট্রাকে উঠে প্রচারণা শুরু করেন।
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন শাহাদাত হোসেন। তবে দলের সমর্থন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সদ্য বিদায়ী মেয়র মনজুর আলম। এর পর থেকে শাহাদাতকে মনজুরের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়নি। প্রচারণায় নগর বিএনপির সাধারণ সম্পাদকের অনুপস্থিতির বিষয়ে এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনজুর বলেছিলেন, মামলার কারণে তিনি (শাহাদাত) প্রকাশ্যে আসছেন না। তবে এবার মামলা মাথায় নিয়ে তিনি হাজির হন। শাহাদাত হোসেনের সঙ্গে ছিলেন তাঁর অনুগত নগর ছাত্র ও যুবদলের শতাধিক নেতা-কর্মী। তাঁরাও গতকাল প্রথম মনজুরের পক্ষে ভোট চাইতে মাঠে নামেন।
শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ম্যাডাম (খালেদা জিয়া) মনজুর আলমকে সমর্থন দিয়েছেন। আমরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। মনজুর আলমকে জিতিয়ে আনার জন্য সব নেতা-কর্মী মাঠে নেমেছে। তেরোটি মামলা মাথায় নিয়ে শাহাদাত হোসেনও মাঠে নেমেছেন।’
মনজুর আলমের সঙ্গে ঘণ্টা খানেক প্রচারণায় অংশ নেন শাহাদাত হোসেন। এরপর মনজুর আলমের সঙ্গে প্রচারণায় সঙ্গ দেন নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমসহ স্থানীয় নেতারা। ধোনিরপুলে পথসভা শেষে খোলা ট্রাকে চড়ে প্রচারণা শুরু করেন মনজুর আলম। এ সময় খোলা ট্রাকের আগে-পরে কয়েক শ কর্মী-সমর্থক স্লোগান দেন। ট্রাক থেকে হাত নেড়ে রাস্তার দুই পাশের লোকজনকে শুভেচ্ছা জানান মনজুর। এরপর ডিসি রোড, মৌসুমী আবাসিক এলাকা হয়ে বৌবাজার ও মিয়াখান নগরে পথসভায় বক্তব্য দেন।
এসব পথসভায় মনজুর আলম বলেন, ‘২৮ এপ্রিল শুধু ভোট দিলে হবে না। ভোটকেন্দ্র ও ভোট বাক্স পাহারা দিতে হবে। রাতে ফলাফল নিয়ে ঘরে ফিরে যেতে হবে।’