শাহাদাতের নির্যাতনের কথা অস্বীকার করল গৃহকর্মী মাহফুজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মী মাহফুজা আকতারকে নির্যাতনের অভিযোগে করা মামলায় গতকাল বুধবার সাক্ষী মাহফুজাকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ।
গতকাল বুধবার ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর নির্যাতনের কথা অস্বীকার করে সাক্ষ্য দেওয়ায় গৃহকর্মী মাহফুজা আকতার ওরফে হ্যাপীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক তানজিনা ইসমাইল গতকাল নির্যাতনের শিকার গৃহকর্মী মাহফুজা আকতারের জবানবন্দি গ্রহণ শেষে এই আদেশ দেন।
সাক্ষ্য দেওয়ার জন্য যাঁদের বিরুদ্ধে পরোয়না জারি করা হয়েছে তাঁরা হলেন মামলার বাদী মোজাম্মেল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাধবী কর্মকার ও নুসরাত ফাতেমা এবং তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক শফিকুর রহমান। গতকাল নির্যাতনের শিকার মাহফুজা আকতার আদালতে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়ে নির্যাতন করার কথা অস্বীকার করে সাক্ষ্য দেয়। রাষ্ট্রপক্ষ তাকে বৈরী ঘোষণা করে পরবর্তী সাক্ষীদের প্রতি নোটিশ দেওয়ার আবেদন জানায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বিশেষ কৌঁসুলি আলী আজগর স্বপন প্রথম আলোকে বলেন, গত বছরের ২১ সেপ্টেম্বর মহানগর হাকিমের কাছে গৃহকর্মী মাহফুজা আকতার জবানবন্দি দিয়ে নির্যাতনের কথা বলেছিল। এই মাহফুজা আকতারের জবানবন্দি গ্রহণকারী হাকিম ১৭ আগস্ট আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, মাহফুজা স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় রাষ্ট্রপক্ষ তাকে বৈরী ঘোষণা করেছে।
গতকাল সাক্ষ্যতে মাহফুজা আদালতকে বলে, ‘ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রী জেসমিন জাহান তাকে খুন্তির ছ্যাঁকা দেননি। অন্য মানুষের পরামর্শে এই মামলা করি।’ এ সময় শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহান আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
গৃহকর্মী মাহফুজাকে নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রী জেসমিনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় এ মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। ওই বছরের ২৯ ডিসেম্বর শাহাদাত ও জেসমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। শাহাদাত ও তাঁর স্ত্রী জেসমিন দুজন জামিনে আছেন।