শাহাদাতের স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
গৃহকর্মী নির্যাতনের মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে ক্রিকেটার শাহাদাতের স্ত্রী জেসমিন জাহানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম ইউনুস খান এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে পাঁচ কার্যদিবসের মধ্যে টানা তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
নির্যাতিত গৃহকর্মীর আইনজীবী ফাহমিদা আক্তার আদালতকে বলেন, ‘১১ বছর বয়সী এই শিশুটিকে অমানবিকভাবে নির্যাতন করেছেন আসামিরা। ঘটনার রহস্য উন্মোচনের জন্য তাঁকে রিমান্ড দেওয়া হোক।’
অন্যদিকে আসামির আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন, ‘আমিও এই শিশুটির ওপর নির্যাতনের বিচার চাই। তবে এই আসামির কোলে নয় মাসের একটি শিশু সন্তান রয়েছে। আর মামলার ঘটনা রহস্য উন্মোচনের কিছু নেই। ইতিমধ্যে আদালতে জবানবন্দি দেওয়া হয়েছে। তাই সবকিছু বিবেচনা করে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল এবং জামিন চাচ্ছি।’
এ সময় কাজী নজিবুল্লাহ আদালতেকে আরও জানান, এই মামলার অপর আসামি শাহাদাত হোসেন তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। আগামীকাল (সোমবার) তিনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন।
আরও পড়ুন: