চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নাসিমন ভবনে দলীয় কার্যালয় এলাকায় যানবাহন ভাঙচুরের ঘটনায় হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানসহ ৫৯ জন নেতা-কর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে অভিযোগপত্রটি দাখিল করে পুলিশ। চট্টগ্রাম আদালতে সহকারী পুলিশ কমিশনার মো. মাঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আদালতে ৫৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আগামী বুধবার শুনানির পূর্বনির্ধারিত দিনে অভিযোগপত্রটির গ্রহণযোগ্যতার শুনানি হবে।’কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্ত শেষে দেওয়া অভিযোগপত্রে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান, যুবদলের নেতা আবুল হাশেম, বেলায়েত হোসেনসহ ৫৯ জনকে আসামি করা হয়েছে।’১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর নগরের নাসিমন ভবন এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে কাজীর দেউড়ি, লাভ লেইন ও সংলগ্ন এলাকায় গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরীফ বাদী হয়ে দ্রুত বিচার আইনে বিএনপির ৬৪ নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করেন। ১১ ডিসেম্বর হরতাল চলাকালে নগরের বহদ্দারহাট এলাকা থেকে নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ানকে আটক করে পুলিশ। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে মামলার অন্য আসামিরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।