শাহানার মুখে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখমণ্ডলে ‘শিকড়’ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহানা খাতুনের অস্ত্রোপচার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তার মুখে অস্ত্রোপচার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় সমন্বয়কারী চিকিৎসক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে শাহানার অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচারের পর তার অবস্থা ভালো আছে।
নেত্রকোনার মেয়ে শাহানার থুতনি, নাক, দুই কানের লতিতে গাছের শিকড়ের মতো গজায়। তাতে ব্যথা ও চুলকানি নিয়ে সে কয়েক দিন আগে বার্ন ইউনিটে ভর্তি হয়। চিকিৎসকেরা বলছেন, শাহানা ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ বা এ ধরনের কোনো রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামেও পরিচিত। শাহানার ক্ষেত্রে ‘আরলি ট্রি-ম্যান সিনড্রোম’ বলা যায়।
তৃতীয় শ্রেণির ছাত্রী শাহানার ব্যাপারে করণীয় ঠিক করতে গত শনিবার বার্ন ইউনিটের ঊর্ধ্বতন চিকিৎসকেরা বৈঠক করেন। ওই বৈঠকে তার অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত হয়।