শাহাবউদ্দিনের দুর্নীতি তদন্তে দুদকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. শাহাবউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান গতকাল বুধবার প্রথম আলোকে জানান, এ ধরনের সিদ্ধান্ত হয়েছে। দুদকে চিঠি চলে যাবে।মন্ত্রণালয় সূত্র জানায়, শাহাবউদ্দিনের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিলুপ্ত ট্রুথ কমিশনে গিয়ে স্বেচ্ছায় দুর্নীতির কথা স্বীকার করে জরিমানা দিয়ে মার্জনা পান। সম্প্রতি সারা দেশে সড়কব্যবস্থা ভেঙে পড়লে তিনি সওজের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদ থেকে স্বেচ্ছায় অবসরে যান।মন্ত্রণালয় সূত্র আরও জানায়, চাকরিতে থাকা অবস্থায় শাহাবউদ্দিনের বিরুদ্ধে চারটি বিভাগীয় মামলা হয়। কেবল তিরস্কার করে তাঁকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালা (পিপিআর) অনুসরণ না করা এবং মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে বিদেশ সফরের অভিযোগে বিভাগীয় মামলাগুলো করা হয়।সূত্র আরও জানায়, সওজের আরও যেসব কর্মকর্তা ট্রুথ কমিশনে দুর্নীতির কথা স্বীকার করেছিলেন এবং বর্তমানে অবসরে আছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দুদকে চিঠি দেওয়া হবে। ট্রুথ কমিশনে দোষ স্বীকার করেছেন, সওজের এমন অন্তত ২১ জনকে সম্প্রতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।