শাহাবুদ্দিন নাগরী তৃতীয় দফায় রিমান্ডে
ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক কাস্টমস কর্মকর্তা এ এইচ এম শাহাবুদ্দিন নাগরী ও নিহত ব্যক্তির স্ত্রী নুরানী আক্তার সুমির তৃতীয়বারের মতো রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ এপ্রিল নাগরী ও নুরানীকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ২৩ এপ্রিল নাগরী ও নুরানীকে আদালতে হাজির করে ফের ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক মাতলুবর রহমান। তাতে বলা হয়, ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত দ্বিতীয় দফায় তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানিয়েছে, ২৮ এপ্রিল মামলাটি নিউমার্কেট থানা-পুলিশের কাছ থেকে বুঝে নেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রবিউল আলম। এর পরের দিন তিনি এই দুই আসামিকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আজ দুই আসামিকে আদালতে হাজির করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত নাগরী ও নুরানীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
১৩ এপ্রিল রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাসা থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বোন কাজী শাহানা রহমান পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলা করেন। মামলার এজাহারে শাহাবুদ্দিন নাগরী ও ব্যবসায়ীর স্ত্রীকে আসামি করা হয়।