শাহি ফিরনির সুঘ্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ইফতারের অনেক আধুনিক আয়োজনের মধ্যে এখনো জনপ্রিয়তার শীর্ষে শাহি ফিরনি আর জিলাপি। কি ঘরোয়া কি মেহমানদারি সবখানেই ফিরনি। সবখানেই জিলাপি। জনপ্রিয়তার কারণে আদি বাটার মোড়ের জিলাপির সঙ্গে যোগ হয়েছে কাশ্মীরি ও বোম্বে শাহি জিলাপি। তবে এসব কিছুর সঙ্গে বরাবরই রয়েছে ভেজানো বুট, লবণ দেওয়া আদা কুচি, পেঁয়াজু, বেগুনি আর খেজুর। হালে রাজশাহীর ইফতারিতে যোগ হয়েছে হায়দরাবাদি বিরিয়ানি, শাহি হালিম, শাহি তেহারি, জালিকাবাব, কাঠিকাবাব, চিকেন বল, আস্ত মুরগির রোস্ট, মাঠা, লাচ্ছির মতো ২০-২৫ পদ। ৬১ বছর ধরে মাটির পাত্রে শাহি ফিরনির একই সুনাম রয়েছে। স্বাদ ও ঐতিহ্যে এত বছরের ধারাবাহিকতায় কদর কমেনি রাজশাহীর রহমানিয়া রেস্তোরাঁর শাহি ফিরনির। দাম শুধু চার আনা থেকে বেড়ে হয়েছে ১৫ টাকা। ইফতার থেকে সেহির পর্যন্ত সারা রাত চলে বেচাকেনা। রাজশাহী নগরের গণকপাড়া এলাকায় অবস্থিত এই হোটেলের স্বত্বাধিকারী রিয়াজ আহাম্মেদ খান বলেন, ১৯৫২ সালে তাঁর দাদা আনিছুর রহমান খান এই হোটেল প্রতিষ্ঠা করেন। তখন থেকে তিনি এখানে শাহি ফিরনি বিক্রি চালু করেন। দাদার মৃত্যুর পর তাঁর বাবা আবদুল বারী খান এই ব্যবসার হাল ধরেন। বাবার মৃত্যুর পর তিনি এখন এই ব্যবসা দেখাশোনা করছেন। রিয়াজ আহাম্মেদ বলেন, শুরু থেকেই প্রতিটি বাটিতে ১০০ গ্রাম করে ফিরনি দেওয়া হয়। এত বছর পরও তাঁরা আসল শাহি ফিরনির মান অটুট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে জন্য উত্তরোত্তর এর চাহিদা বেড়েই চলেছে। রাজশাহীর সংস্কৃতিকর্মী রাশেদ আরেফিন বলেন, ইফতারের সময় এলেই নাকে এসে লাগে মনমাতানো সুগন্ধের শাহি ফিরনি। ফিরনি রোজার মাস ছাড়া আর কখনো হয় না। ইফতারে রাজশাহীর ঐতিহ্য এই ফিরনি।নগরের বুলনপুর এলাকার মোজাম্মেল হক (৩৫) গতকাল বিকেলে ১০ বাটি ফিরনি কেনেন। বুলনপুর থেকে গণকপাড়ার মোড় বেশ দূর হলেও শাহি ফিরনির টানেই তাঁকে আসতে হয়। আলাপকালে সে কথা জানালেন তিনি।রাজশাহীর ইফতারিতে বাটার মোড়ের জিলাপির আলাদা কদর রয়েছে। রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার প্রকৌশলী শাহীদুজ্জামান বর্তমানে নওগাঁয় কর্মরত। গত বৃহস্পতিবার পবার বাসায় আসার পর শুক্র ও শনিবার শহরে এসে কিনেছেন এই জিলাপি। ‘আমার জ্ঞান হওয়ার পর থেকে বাটার মোড়ের জিলাপি আমাদের বাসায় দেখি। বাবা নিয়ে যান, বোন নিয়ে যান। না হয় আমি নিজে এসে নিয়ে যাই।’ বলছিলেন তিনি।দোকানের কারিগর ছাপাত হোসেন ৩৩ বছর ধরে এখানে কাজ করছেন। ১৫ বছর ধরে জিলাপি ভাজছেন। তাঁর ওস্তাদ কালিপদ সাহা ভাজছেন ৪৪ বছর ধরে।

রাজশাহীতে নতুন জিলাপির প্রচলন করেছে রেস্তোরাঁ চিলিস। তারা কয়েক বছর থেকে কাশ্মীরি ও বোম্বে শাহি জিলাপি তৈরি করছে। কাশ্মীরি জিলাপি তৈরি হয় মাষকলাই ও পোলাওর চাল দিয়ে। বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকা দরে। আর বোম্বে শাহি জিলাপি তৈরি হয় ময়দা ও তিল দিয়ে। বিক্রি হয় প্রতি কেজি ১৪০ টাকা করে। দোকানের কর্মচারী আতিকুর রহমান বলেন, তাঁদের একটি জিলাপিও পড়ে থাকে না। বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়।