শাহীন চাকলাদারের প্রতিবাদ প্রতিবেদকের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন অপ্রতিরোধ্য শাহীন চাকলাদার’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত সংবাদটির প্রতিবাদ করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।শাহীন দাবি করেছেন, জামান ফার্মেসি তাঁদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান, যেটি খুলনা বিভাগের অন্যতম শীর্ষ ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান। আওয়ামী লীগের রাজনীতিতে তাঁকে ‘আগন্তুক’ বলাটা ঠিক নয় বলে মনে করেন সদর উপজেলার এই চেয়ারম্যান। তাঁর দাবি, তিনি নিজে একসময় ছাত্রলীগ করেছেন, পরে ১৯৯৭ সাল থেকে সক্রিয়ভাবে আওয়ামী লীগে যুক্ত আছেন। তাই রাজনীতি বা ব্যবসায় যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আবদুর রাকিবের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান ওরফে মিন্টুর সঙ্গে তাঁর কখনো বিরোধ ছিল না বলেও জানিয়েছেন।শাহীন চাকলাদার জানিয়েছেন, প্রতিবেদনে সাহারুল ইসলামসহ সন্ত্রাসী বাহিনীর সদস্য হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে সাইফুজ্জামান বাবু ও মোহাম্মদ হাফেজ জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, ভুট্টো আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী আর আসাদুজ্জামান আসাদ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। প্রতিবেদনে উল্লিখিত অন্যদের কেউ তাঁর পরিচিত নয়। সাহারুল দাদা রিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নন বলেও দাবি করেন। প্রধানমন্ত্রীর তৃণমূল পর্যায়ের বৈঠকের মনোনীত সদস্যদের একজন হিসেবেই সাহারুল গণভবনে গিয়েছিলেন বলে জানান তিনি।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদে শাহীন চাকলাদার যেসব কথা বলেছেন, সেগুলোর প্রায় সবই প্রতিবেদনে তাঁর বক্তব্য হিসেবে ছাপা হয়েছে। সাহারুল দাদা রিপন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে দাদা রিপন নিহত হওয়ার পর তাঁর বাবা যশোর কোতোয়ালি থানায় যে এজাহার দিয়েছিলেন, তাতে সাহারুলের সঙ্গে রিপনের বিরোধের কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর তৃণমূল বৈঠকে জেলা কমিটির সব সদস্য এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অনুমোদিত প্রতিনিধি ছিলেন। সাহারুল যশোর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। কাজেই তিনি কীভাবে অনুমোদিত প্রতিনিধি হিসেবে গণভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন, তা অস্পষ্ট রয়ে গেল।শান্ত ও দীপের ব্যাখ্যা: ‘একজন অপ্রতিরোধ্য শাহীন চাকলাদার’ শিরোনামের সংবাদে শাহীন চাকলাদারের সন্ত্রাসী চক্রের সদস্য হিসেবে উল্লিখিত শান্ত তাঁর পক্ষে পাঠানো ব্যাখ্যায় বলেছেন, শাহীন চাকলাদারের সঙ্গে নয়, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন তিনি। তিনি ফেনসিডিল ব্যবসার সঙ্গে যুক্ত নন এবং ধর্ষণ ও ছিনতাই মামলা বিগত বিএনপি সরকারের আমলে বিদ্বেষপ্রসূত হয়ে করা হয়েছে বলে দাবি করেন। ‘মাদকাসক্তি থেকে ছিনতাই তারপর খুনোখুনি’ শীর্ষক প্রতিবেদনের শেষাংশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী হিসেবে উল্লিখিতদের একজন দীপ দাবি করেছেন, তিনি কখনো মাদক ব্যবসা এবং মাদকসংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না।