শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা
যশোরে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহত ফেরিওয়ালা আবদুস সাত্তারের (৭০) ছেলে ফারুক হোসেন গত বৃহস্পতিবার রাতে ২৮ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোকাদ্দেস হোসেন মামলাটি করেন। এতে শাহীন চাকলাদার ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমানসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে পুলিশ মামলাটি করেছে। এতে নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রার্থীদের ভয়ভীতি দেখানো ও নির্বাচন থেকে বিএনপির প্রার্থীদের সরে দাঁড়াতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। তবে শাহীন চাকলাদার বলেন, ‘পুলিশ সুপার নির্বাচনের আগে ইসির কাছে চিঠি লেখেন যে শাহীন চাকলাদারকে গ্রেপ্তার না করলে যশোরে নির্বাচন সুষ্ঠু হবে না। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ইসি মামলার নির্দেশ দিয়েছে।’
বৃহস্পতিবার ইউপি নির্বাচনে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৬৫ নম্বর চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমা হামলায় ফেরিওয়ালা আবদুস সাত্তার নিহত হন।