শাহীনবাগে বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগ এলাকায় বাসা থেকে গতকাল বুধবার রাতে শামীম আরা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসার আলমারিও ভাঙা ছিল। তবে তাঁকে হত্যা করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। তবে দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী।গৃহবধূর স্বামী আসাদুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তিনি বাসায় এসে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে লাগানো দেখেন। দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, তাঁর স্ত্রী বিছানায় শুয়ে আছেন, চাদর দিয়ে শরীর ঢাকা, মুখ বাইরে। তিনি বুঝতেই পারেননি, শামীম আরা বেঁচে নেই। তবে আলমারির দরজা দুটি বাঁকানো ও জিনিসপত্র এলোমেলো দেখে তাঁর সন্দেহ হয়। আলমারিতে রাখা ২৫ হাজার টাকাও পাওয়া যায়নি। গৃহকর্মী পারভীনকেও বাসায় পাননি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন বলেন, শামীম আরার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বাসার গৃহকর্মী নিখোঁজ। শামীম আরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগে শয্যাশায়ী ছিলেন। ককটেল বিস্ফোরণে যুবক আহত: রাজধানীর খিলগাঁওয়ে গতকাল রাতে ককটেল বিস্ফোরণে দেলোয়ার হোসেন নামের এক যুবক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন দেলোয়ার। এ সময় কে বা কারা দোকানে ককটেল ছুড়লে দেলোয়ার আহত হন। এতে তাঁর পা ঝলসে যায়।