শাহীনার মতো এজাজও চলে গেলেন না ফেরার দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে শাহীনা আক্তারকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া উদ্ধারকর্মী এজাজ উদ্দিন আর নেই। গতকাল শনিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহীনার মতো এজাজও চলে গেলেন না ফেরার দেশে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান প্রথম আলোকে এজাজের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার রাত ১১টার দিকে এজাজ মারা গেছেন বলে সিঙ্গাপুর থেকে সেনাবাহিনীকে জানানো হয়েছে। গত রোববার রাতে ধ্বংসস্তূপের ওপর থেকে সুড়ঙ্গ কেটে নেমে শাহীনাকে উদ্ধারের সময় আগুন লাগলে অগ্নিদগ্ধ হন এজাজ। পরের দিন মৃত অবস্থায় শাহীনাকে উদ্ধার করা হয়। অন্যদিকে এজাজকে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন পর প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়।