প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের হেলপারের ধাক্কায় গুরুতর আহত রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীনুর আলম মারা গেছেন। রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন ধরে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতে শাহীনের মরদেহ প্রথমে জানাজার জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। এরপর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামে নিয়ে যাওয়া হবে। শাহীনুর কৃষি অনুষদের লেভেল-১-এর শিক্ষার্থী ছিলেন। গত শনিবার রাত ১১টার দিকে মিরপুর রোডে বাস থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।