শাহীনুরের চাওয়া পূরণ হবে, তিনি থাকবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহাজারি করেই যাচ্ছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুর্শিদা বেগম। সান্ত্বনা দিয়ে তাঁকে থামানো যাচ্ছে না। আহাজারির মধ্যে যা বলার চেষ্টা করছেন তা থেকে বোঝা গেল, তাঁর স্বামী শাহীনুর রহমানের খুব শখ ছিল দুটি ছেলের পর একটা মেয়ে। মুর্শিদা বেগম অন্তঃসত্ত্বা হওয়ার আলট্রাসনোগ্রাম করে চিকিৎসকও জানিয়েছেন, শাহীনুরের চাওয়া পূরণ হচ্ছে। কিন্তু মেয়ে পৃথিবীতে আসার আগেই চলে গেছেন শাহিনুর।

ঢাকার গাবতলীতে গত বুধবার সকালে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আহত হন বাসচালকের সহকারী শাহীনুর রহমান (৩৫)। ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তাঁর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার পশ্চিম বালিঘাটা মহল্লায়।

 গতকাল প্রথম আলোতে নিহত এই পরিবহনশ্রমিকের পরিচয় বৈশাখী পরিবহনের চালক শাহ আলম ছাপা হয়। কিন্তু তাঁর পরিবার বলছে, ওই পরিচয়টি সঠিক ছিল না। তিনি এসআই ট্রাভেলসের চালকের সহকারী ছিলেন।

গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে শাহীনুরের লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ‘শাহীনুরের শটগান ইনজুরি ছিল। গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে।’

শাহীনুরের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী ঢাকার দারুস সালাম থানার এসআই মহেশচন্দ্র সিংহ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শাহীনুরের বুক ও পেটের বিভিন্ন স্থানে ছোট ছোট কালচে জখম রয়েছে।