শাহীনূর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার সাত দিন পর শাহীনুর আলমের (৪৩) মৃত্যুর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীবনগর উপজেলা সদরে মানববন্ধন পালিত হয়েছে৷ ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজের’ উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন পেশার কয়েক শ মানুষ অংশ নেন৷

নবীনগর উপজেলা সদরে ‘চিরকুট’ পাঠিয়ে একাধিক বাড়িতে চাঁদা দাবি ও বিভিন্ন বাড়িতে আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৯ এপ্রিল র‌্যাবের হাতে গ্রেপ্তার হন শাহীনুর আলম৷ সাত দিন পর পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ পরিবারের অভিযোগ, নির্যাতনের কারণেই শাহীনূরের মৃত্যু হয়েছে৷

গতকালের মানববন্ধন শেষে লঞ্চঘাটের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শুক্কুর খান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুস সাত্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল রোমান প্রমুখ।

সভায় শাহীনূরের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে বক্তারা আগামী সাত দিনের মধ্যে শাহীনূর হত্যার সুষ্ঠু তদন্ত শুরু না হলে পরে এ হত্যার বিচারের দাবিতে বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

শাহীনূর পুলিশি হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।