নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শাহেদ কায়েসকে অপহরণ করে পিটিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলচর এলাকায় মেঘনা নদী থেকে তাঁকে অপহরণ করা হয়।
এ ঘটনায় পাশের কুমিল্লার মেঘনা উপজেলার যুবলীগ কর্মী জাকির হোসেন, আওয়ামী লীগ কর্মী মহসিন মিয়া, সোনারগাঁর নুনেরটেক গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ওসমান গনি, একই গ্রামের জাকির মিয়া, হোসেন মিয়া ও স্পিডবোটের চালক ওয়াসিমের বিরুদ্ধে মামলা করেছেন শাহেদ কায়েস। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, পুলিশ একটি স্পিডবোট জব্দ করে চালক ওয়াসিমকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, শাহেদ কায়েস গতকাল দুপুরে মেঘনা নদীর নলচর এলাকা দিয়ে ট্রলারে করে রামপ্রাসাদের চর যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র ক্রিস পিন্ডার হিউজ ও তাঁর প্রতিষ্ঠান সুবর্ণ গ্রাম ফাউন্ডেশনের কর্মী কামরুজ্জামান। মামলার আসামিরা দুটি স্পিডবোটে করে এসে তাঁকে জোর করে ট্রলার থেকে নামায়। এরপর ১০ কিলোমিটার দূরে ফরাজিকান্দিতে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। সন্ত্রাসীরা ছুরি দিয়ে তাঁর বাঁ হাতের কবজি ও ঘাড়ে আঘাত করে। খবর পেয়ে মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা তাঁর ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে পালিয়ে যায়।
পুলিশ শাহেদকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।
আহত শাহেদ কায়েস জানান, মেঘনা আওয়ামী লীগের কর্মী সেলিনা ইসলাম ও তাঁর ভাতিজা যুবলীগ কর্মী জাকির হোসেন দীর্ঘদিন ধরে সোনারগাঁ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে একটি চক্র গঠন করে অবৈধভাবে নুনেরটেক গ্রামের পাশ থেকে বালু তুলছেন। এর বিরুদ্ধে আন্দোলন করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন সময় তাঁকে হুমকি দিয়ে আসছিলেন।:n: