শাহেদ কায়েসের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি শাহেদ কায়েসকে হত্যাচেষ্টাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শাহেদ কায়েসকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার ঢাকা ও নারায়ণগঞ্জে আয়োজিত পৃথক মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে কবি, লেখক ও শিল্পীসমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, কবি মুহম্মদ নুরুল হুদা, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, লেখক-গবেষক আহমাদ মাযহার, কথাশিল্পী পারভেজ হোসেন, কবি অনিকেত শামীম, কবি মুজিব মেহদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, শিল্পী অরূপ রাহী, প্রকাশক রবীন আহসান, কবি দেবজ্যোতি ভক্ত প্রমুখ বক্তব্য দেন।সন্ত্রাসীদের অবিলন্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, শাহেদ কায়েস একজন সাহসী সমাজকর্মী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মায়াদ্বীপ এলাকার মানুষকে নিয়ে তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন। এই সব বালু-সন্ত্রাসীদের স্বার্থে ব্যাঘাত ঘটায় তাঁকে হামলার শিকার হতে হলো।গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বালুমহালের ইজারাদার সেলিনা ইসলাম গংদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, স্থানীয় সাংবাদিক বিল্লাল হোসেন, ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলন জেলার আহ্বায়ক তরিকুল সুজন প্রমুখ।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, কবি শাহেদ কায়েস অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের গঠিত প্রতিরোধ কমিটির আহ্বায়ক। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মেঘনা নদীতে জেগে ওঠা দুটি চর নুনেরটেক ও মায়াদ্বীপে ভাঙনের সৃষ্টি হয়েছে। শাহেদের আন্দোলনের কারণে মেঘনা থেকে বালু উত্তোলন করতে পারছে না সন্ত্রাসীরা।বক্তারা এ ঘটনার জন্য কুমিল্লার একজন সাংসদ, বালুমহালের ইজারাদার সেলিনা ইসলাম এবং তাঁদের সহযোগী জাকির হোসেন, মহসিনসহ কয়েকজনকে দায়ী করেন।গত বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা শাহেদকে অপহরণ করে তুলে নিয়ে হত্যার চেষ্টা চালায়। তিন ঘণ্টা পর সোনারগাঁ থানার পুলিশ মেঘনা পুলিশের সহায়তায় শাহেদকে উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করে।