শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার দাবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সমকাল পত্রিকার নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেকোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানের সংবাদ আহরণে সাংবাদিকদের নিরুৎসাহিত করতেই শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, শাহেদ চৌধুরীর পেশাদারত্ব ও অসাম্প্রদায়িক মনোভাবের কারণেই তাঁকে পরিকল্পিতভাবে অপহরণ করে গুমের অপচেষ্টা করেছিল দুর্বৃত্তরা।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এবং বাংলাদেশ মেস সংঘের সভাপতি হাবিবুর রহমান ও মহাসচিব আয়াতুল্লাহ আকতার পৃথক বিজ্ঞপ্তিতে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।