শাহেদ চৌধুরীকে অপহরণচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও সমকাল-এর নগর সম্পাদক শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ করেছেন সাংবাদিকেরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্টের সামনের কদম ফোয়ারা-পল্টন মোড় হয়ে আবার জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখেন মিছিলকারীরা। ১৫ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকেরা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজের আরেক অংশের সভাপতি আবদুল হাই সিকদার প্রমুখ।
গতকাল রোববার সন্ধ্যায় বিজয় সরণি মোড় থেকে শাহেদ চৌধুরীকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গতকাল শাহেদ চৌধুরী প্রথম আলোকে জানান, সন্ধ্যা ছয়টার দিকে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মাইক্রোবাসে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পাদকদের সম্মানে ডাকা ইফতার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গাড়িটি বিজয় সরণি মোড়ে সিগন্যালে আটকা পড়ে। সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গেই সাদা রঙের একটি কার শাহেদ চৌধুরীকে বহনকারী মাইক্রোবাসটির গতিরোধ করে। গাড়ি থেকে দুই যুবক নেমে মাইক্রোবাসের দরজা খুলে শাহেদ চৌধুরীকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তি হয়। তিনি জানান, দুই যুবক তাঁকে গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় লোকজন জড়ো হলে যুবকেরা গাড়িতে উঠে পালিয়ে যান। চলে যাওয়ার সময় তাঁরা শাহেদ চৌধুরীকে হুমকি দিয়ে বলেন, ‘এবার বেঁচে গেলি। দেখি, তুই ঢাকায় কীভাবে বেঁচে থাকিস।’