শাহ্ আবদুল করিম লোক উৎসব শুরু ৩ মার্চ
‘বাউলসম্রাট’ শাহ্ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩-৪ মার্চ দুই দিনব্যাপী লোক উৎসব শুরু হবে। সুনামগঞ্জের দিরাইরের উজানধলে শাহ্ আবদুল করিমের জন্মভূমিতে এ লোক উৎসব অনুষ্ঠিত হবে।
শাহ্ আবদুল করিম পরিষদের আয়োজনে এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে বেকারি পণ্য ব্র্যান্ড অলটাইম। এ উৎসবের সহযোগিতা করছে প্রাণ পটেটো ক্র্যাকার। আজ বৃহস্পতিবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রাণ পটেটো ক্র্যাকারের ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের অনেকেই বাউল শাহ্ আবদুল করিমের গানগুলো এ প্রজন্মের গায়কদের গাওয়া গান মনে করে ভুল করে। তাদের কাছে তাঁর কর্ম ছড়িয়ে দিতে এবং স্থানীয় সংস্কৃতিকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে প্রাণ-আরএফএল কোম্পানি প্রথমবারের মতো এই উৎসব আয়োজনে যুক্ত হয়েছে।
শাহ্ আবদুল করিম পরিষদের সভাপতি ও শাহ্ আবদুল করিমের ছেলে শাহ্ নূর জালাল বলেন, উৎসবের প্রথম দিন বাউলসম্রাটের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও গানের অনুষ্ঠান হবে। দুই দিনই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথি ও শিল্পীরা এতে গান গাইবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অলটাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গীতিকার, সুরকার ও শিল্পী বাউল শাহ্ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দেড় হাজারের বেশি গান রচনা ও সুর করেছেন এবং গেয়েছেন। তিনি ১২ সেপ্টেম্বর ২০০৯ সালে সিলেটে মারা যান।
বাউল শাহ্ আবদুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমির উদ্যোগে তাঁর ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। বাউল শাহ্ আবদুল করিম ‘কোন মেস্তরি নাও বানাইলো’, ‘গাড়ি চলে না চলে না’, ‘তোমরা কুঞ্জ সাজাও গো’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’র মতো অসংখ্য জনপ্রিয় গান রচনা করেছেন।