শাহ্ আবদুল করিমের গানে মুখরিত দিরাই
সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল মাঠে বিশাল মঞ্চ। গতকাল শুক্রবার শুরু হয়েছে পঞ্চমবারের মতো আবদুল করিম লোক উত্সব। এই উত্সবটির জন্য গভীর আগ্রহ নিয়ে বছরভর অপেক্ষা করে থাকতেন তিনি। আজ বাউলসম্রাট নেই। গত বছরের ১২ সেপ্টেম্বর দেহত্যাগ করার পর এখন তিনি ভক্ত-শ্রোতাদের অন্তরে। দুপুরে পায়রা উড়িয়ে উত্সবের উদ্বোধন করে বাউলসম্রাটের দৌহিত্র শাহ নূর আলম। অতিথি ছিলেন লোকসংস্কৃতি গবেষক আবদুল ওয়াহাব, সাংসদ মতিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূর জালাল। সভাপতিত্ব করেন ধলগ্রামের প্রবীণ ব্যক্তি মোশারফ হোসেন। বক্তারা বলেন, শাহ্ আবদুল করিম গরিব-দুঃখী ও খেটে খাওয়া মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-যন্ত্রণা, স্বপ্নভঙ্গ-অসহায়তাকে গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শোষক ও শোষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বাউলসম্রাট ছিলেন শোষিত শ্রেণীর মুক্তির সংগ্রামে নিবেদিতপ্রাণ। আলোচনার পর শুরু হয় বাউলগানের আসর। দুপুর থেকে ভোর পর্যন্ত গানের পালা। হওরাঞ্চলের আকাশ-বাতাস মুখরিত বাউলগানে। ঢোলের বাজনার সঙ্গে গান গেয়ে বাউলেরা মঞ্চ পরিক্রমণ করেন। অনেকেই গানের ফাঁকে ফাঁকে বললেন বাউলসম্রাটের গায়কী জীবনের কথা। গান ও বাজনায় উজানধল মাঠ উত্সবমুখর হয়ে ওঠে। বাউলেরা একে একে গাইলেন শাহ্ আবদুল করিমের ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘শোষক তুমি হও হুঁশিয়ার’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘গাড়ি চলে না, ‘কোন মেস্তরি নাও বানাইল’, ‘ভবসাগরের নাইয়া’, ‘হিংসাখোরগণ বলে এখন’, ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে’, ‘রঙের দুনিয়া তোরে চাই না’, ‘বন্ধু দরদিয়া রে’, ‘আর কিছু চায় না মনে গান ছাড়া’, ‘মানুষ যদি হইতে চাও’, ‘কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু’, ‘আমি বাংলা মায়ের ছেলে’সহ প্রায় দেড় শতাধিক গান। নাচ আর গানে মেতে ওঠে শ্রোতা-দর্শনার্থীরা। অনেকেই গানের ফাঁকে ফাঁকে বললেন বাউলসম্রাটের সংগীত জীবনের কথা।গান শুনতে শ্রোতাদেরও ছিল উপচে পড়া ভিড়। দুপুরে যে মাঠে লোকসমাগম তেমন একটা ছিল না বললেই চলে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই মাঠে তিল ধারণের জায়গা নেই। পুরো মাঠ যেন জনসমুদ্র! এই জনসমুদ্রে কণ্ঠের ছোঁয়ায় ঢেউ তোলেন বাউল আবদুর রহমান, শিল্পী ফকির শাহাবউদ্দিন, কালা মিয়া, আবদুল তোহায়েদ, বশিরউদ্দিন সরকার, শামীম আহমদ, মিতালী চক্রবর্তী, দুখু মিয়া, কাইয়ূম শাহ, রামধন দাস, প্রমুখ। আজ শনিবার মধ্যরাত পর্যন্ত চলবে বাউলগানের আসর। পুরো উত্সবটি পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন কোম্পানি বাংলালিংক।