গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক সদস্য প্রার্থী শাড়ি ও লুঙ্গির বিনিময়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে একই ইউপির আরেক সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে এই অভিযোগ করেন।
অভিযোগ ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বক্তারপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আহাম্মদ আলী মোল্লা (বৈদ্যুতিক পাখা) গত মঙ্গলবার রাতে প্রচারণায় বের হন। এ সময় ওই ওয়ার্ডের ব্রাহ্মণগাঁও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের শাড়ি ও লুঙ্গি দিয়ে ভোট প্রার্থনা করেন। প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও তাঁর সমর্থকেরা এ সময় বেশ কিছু শাড়ি উদ্ধার করেন। পরে এসব শাড়ি নিয়ে এ ইউপির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরুল আলমের কাছে অভিযোগ দেন।
অভিযোগ প্রসঙ্গে আহাম্মদ আলী মোল্লা বলেন, গ্রামের কয়েক ব্যক্তি তাঁর কাছে শাড়ি ও লুঙ্গি চেয়েছিলেন। এ জন্য তিনি কয়েকটি শাড়ি ও লুঙ্গি নিয়ে গিয়েছিলেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শারমিন আক্তার গতকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে এই দুই সদস্য প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। তিনি আচরণবিধি লঙ্ঘনের সাজা সম্পর্কেও তাঁদের হুঁশিয়ার করেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী হাকিম শারমিন আক্তার বলেন, তাঁদের (দুই ইউপি সদস্য প্রার্থী) সতর্ক করা হয়েছে।
এ ইউপিতে ৩১ মার্চ দ্বিতীয় দফায় ভোট হবে।