মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ভোটারদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করার সময় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর লোকজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলার বায়রা ইউনিয়নে এ ঘটনা ঘটে।সিঙ্গাইর থানা পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার বায়রা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগের দিন (গতকাল) দুপুরে এ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মনিরুজ্জামান সমর্থকদের নিয়ে বাইমাল এলাকায় ভোট চাইতে যান। এ সময় তিনি ভোটারদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতে থাকেন। খবর পেয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ আলী জিন্নাহর লোকজন ওই এলাকার একটি বাড়িতে গিয়ে তাঁদের ঘেরাও করেন। ভয়ে মনিরুজ্জামান তাঁর সমর্থকদের নিয়ে একটি ঘরে আশ্রয় নেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল লতিফ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ২৩ জন সমর্থকসহ মনিরুজ্জামানকে আটক করে। পুলিশ ওই ঘর থেকে একটি পাইপগান, একটি দা, দুটি চায়নিজ কুড়াল, একটি কিরিচ, ছয়টি শাড়ি ও ছয়টি লুঙ্গি উদ্ধার করে। সেখান থেকে তাঁদের থানায় নিয়ে আসা হয়।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানিকগঞ্জের বিচারিক হাকিম অন্তরা ঘোষ ও সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবদুল লতিফ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মনিরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। বাকিদের মধ্যে রাশেদুল নামের মনিরুজ্জামানের এক সমর্থককে ১৫ দিনের ও অন্যদের চার দিন করে কারাদণ্ড দেওয়া হয়। ওসি মো. শফিকুল ইসলাম জানান, পাইপগান ও ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে এ ব্যাপারে কাউকে সাজা দেওয়া হয়নি।