
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে। গতকাল তারাগঞ্জ (রংপুর), নেত্রকোনা, বিরামপুর (দিনাজপুর), রংপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া গত বুধবার কুড়িগ্রামের দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
তারাগঞ্জ (রংপুর)
‘বানোত মোর ঘরবাড়ি ভাঙি গেইচে। কাইল থাকি না খায়া আচু। ভাবছিনু এবার ছিন্নিত (ঈদ) বুঝি মোর নয়া কাপড় পরা হবার নয়। কিন্তুক তোমরা মোক ডাকে আনি একনা নয়া কাপড় দেনেন। মুই ছিন্নিত নয়া কাপড় পরিম।’ একটি নতুন শাড়ি হাতে পেয়ে এভাবে ভালো লাগার কথা জানালেন রংপুরের তারাগঞ্জ উপজেলার নারায়ণজন গ্রামের সুলতানা বেগম।
রংপুরের তারাগঞ্জ উপজেলার বন্যাকবলিত নারায়ণজন, জলুবার, মাছুয়াপাড়া, বালাপাড়া, বরাতি, পশ্চিম জগদীশপুর, কাচনা গ্রামের ২৪০ জন নারী-পুরুষকে গতকাল প্রথম আলো ট্রাস্টের ত্রাণসামগ্রী (শাড়ি এ লুঙ্গি) দেওয়া হয়। বরাতি উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁদের হাতে শাড়ি-লুঙ্গি তুলে দেন বরাতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সহসভাপতি সজল কুমার, ঢাকা মহানগর বন্ধুসভার পাঠাগারবিষয়ক সম্পাদক রেদোয়ান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত এলাকা সাউদপাড়া ও পাশের রামভদ্রপুর গ্রামের ২৫ জন অসহায় স্কুল ছাত্রছাত্রীসহ ১৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি দুই কেজি চাল, আধা কেজি মসুর ডাল, আধা কেজি লবণ, আধা কেজি চিনি, আধা লিটার সয়াবিন তেল, একটি গায়ে মাখা সাবান, একটি সুজির প্যাকেট, একটি ছোট গুঁড়া দুধের প্যাকেট, একটি সেমাইয়ের প্যাকেট, একটি গ্লুকোজ বিস্কুটের প্যাকেট।
ত্রাণ বিতরণের কাজে সহযোগিতা করেন কলমাকান্দার সমাজকর্মী বন্ধন নাগ, সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীন চন্দ্র তালুকদার, সহকারী শিক্ষক আলী ইসলাম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসেন আলী, বন্ধুসভার জেলা কমিটির শিশির হোসাইন, এহসানুল হক প্রমুখ।
ত্রাণ পেয়ে সাউদপাড়া গ্রামের বৃদ্ধা সমিরুন খাতুন বলেন, ‘ভিক্ষা করে খাই। ১০ দিন আগে বন্যায় মাইনসের সব ভাসাইছে। অহন হাত পাতলে সাহায্যও পাই না। আইজ এইডি পাইয়া বিরাট আনন্দ লাগতাছে।’
বিরামপুর (দিনাজপুর)
সরলা বালা (৭০)। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের হিলির ডাঙ্গার এক অসহায় নারী। বন্যায় ভেঙেছে ঘর। ছিলেন পানিবন্দী। কোনো রকমে এক বেলা ত্রাণের খিচুড়ি খেয়ে চলছে সরলা বালার জীবন। খেতে পারেননি পেট ভরে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কুশদহ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রথম আলো ট্রাস্টের দেওয়া চার কেজি চাল আর এক কেজি মসুর ডাল পেয়ে বলেন, ‘আজ এনা পেট ভরে খাইম বা।’ গতকাল কুশদহ উচ্চবিদ্যালয়ে বন্যাদুর্গত কুশদহ ইউনিয়নের ১৮০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ এস এম হাফিজুর রহমান, কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েম সবুজ, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান প্রমুখ।
রংপুর
‘বানোত শোগ ভাসি গেইছে কাপড়চোপড়সহ অনেক জিনিস। মেলাদিন পর এবার ঈদোত নতুন শাড়ি পিন্দিম। এই বুড়ি বয়োসোত এই শাড়িখান পায়া মোর অনেক ভালো হইল।’ নতুন শাড়ি পেয়ে এ কথা বলেন শংকরদহ চরের শাবানা বেগম (৭৫)।
গতকাল গঙ্গাচড়ায় তিস্তা নদী এলাকায় সদর উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের শংকর চর, মহিপুর ঘাট, ছালাপাক এলাকায় এবারের বন্যায় ভিটামাটি ভেঙে যাওয়া সহায়-সম্বলহীন ১৮০ জন নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে মহিপুর ঘাট এলাকায় ১০০ জন নারীকে শাড়ি ও ৮০ জন পুরুষকে লুঙ্গি দেওয়া হয়।
জামালপুর
জামালপুরে আরও ৩০০ পরিবার ত্রাণসামগ্রী পেল। গতকাল জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বীর হলকা উচ্চবিদ্যালয়ের মাঠে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
৩০০ পরিবারের মধ্যে ১০০ মায়ের হাতে শিশুদের জন্য খাদ্য তুলে দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, সেমাই, দুধ ও বিস্কুট এবং শিশুদের জন্য চিনি, সুজি ও দুধ।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজস্ব অর্থায়নে প্রথম আলো নরসিংদী বন্ধুসভার বন্ধুরা জামালপুরের ইসলামপুর উপজেলার কাচারী এলাকায় বন্যার্ত ৯০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন ও অন্যরা।
কুড়িগ্রাম
গত বুধবার নৌকায় তিন ঘণ্টা নদী পাড়ি দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড় ভিটা ইউনিয়নের চর মেকলি, চর প্রাণকৃষ্ণ ও পশ্চিম ধনিরামে ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি পরিবারের জন্য ছিল চাল ৩ কেজি, আলু ৩ কেজি, তেল, ডাল, লবণ ও পেয়াজ ১ কেজি করে, মরিচ ও শিশুখাদ্য। এখানে প্রায় ১০০ শিশুর মধ্যে আলাদাভাবে বিস্কুট বিতরণ করা হয়।
চর প্রাণকৃষ্ণের গোলজার হোসেন বলেন, ‘আমরা প্রথম ত্রাণ পাইলাম। এত দূর কাই আইসে।’
বন্যা ত্রাণ তহবিল
গতকাল যাঁরা সহায়তা করেছেন
সামিট করপোরেশন লিমিটেড ৫ লাখ, কাজী আইটি সেন্টার লিমিটেড ২ লাখ, প্রফেশনাল সেক্রেটারিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ৩৪ হাজার, আলতাফুর রহমান খান ও আফজালুন নেসা কল্যাণ ফান্ড ২৫ হাজার, সানিয়াত ইসলাম ২০ হাজার, রওশান আখতার ২০ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ১০ হাজার, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ফেনী বন্ধুসভা ১০ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ৯ হাজার ৫০০, আরমান্দ রহমান ৭ হাজার, কারিম ওয়াহিদ ৫ হাজার, তাহমিনা মারিয়াম ৫ হাজার, মাহমুদা খানম ৫ হাজার, সাগর-সৈকত ৫ হাজার, মো. মাসুদ আহমেদ ৫ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ৩ হাজার, রাইদা আলমগীর ১০০ টাকা এবং সরাসরি ব্যাংকে জমা পড়েছে ১ লাখ ৬২ হাজার ১৫ টাকা।
l গতকাল মোট জমা
১০,২৫,৬১৫ টাকা
এ পর্যন্ত মোট জমা
৩৮,৭৬,১১৫ টাকা
l ২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত বিতরণ ৩৫,৪২,২১৬ টাকার ত্রাণ।
তহবিলে অর্থ সহায়তার জন্য
প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড
কারওয়ান বাজার শাখা।