কিশোরগঞ্জের ভৈরব পৌর নিউমার্কেটের বৈশাখী শাড়ি ঘরের স্বত্বাধিকারী আদিল উদ্দিনের মন ভালো নেই। ঈদ মৌসুমে ভালো ব্যবসা করবেন—এমন আশা নিয়ে অনেক টাকা বিনিয়োগ করে শাড়ি দিয়ে দোকান ভরে ফেলেছিলেন। কিন্তু রমজানে ভালো বিক্রি হয়নি। কয়েক দিন পর ঈদ হলেও দোকানের শাড়ির সংখ্যা খুব বেশি কমেনি।
ব্যবসায়ী আদিল উদ্দিন বলেন, শাড়িতে নারীদের মন নেই। তাঁদের নজর থ্রিপিসে। একসময় শখ করে তরুণীরা শাড়ি পরত। এখন মা ও দাদিরাও থ্রি-পিস পরতে স্বচ্ছন্দবোধ করেন। এমনকি জাকাতের শাড়িও চলে না। গরিবদেরও শাড়ির চেয়ে টাকাই পছন্দ।
আদিল উদ্দিনের মতো ভৈরব বাজারের অন্তত ১০ জন ব্যবসায়ী জানান, এবারের ঈদে শাড়ির বেচাকেনায় ধস নেমেছে।
গত বুধবার ভৈরব শহরের নিউমার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, সালাম প্লাজা ও হকার্স মার্কেটের বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়। শেষ বেলার ক্রয়-বিক্রয়ে ফুসরত নেওয়ার সময় নেই কারোরই।
ব্যবসায়ীরা বলেন, ভৈরব উপজেলা শহর হলেও এটি দেশের অন্যতম বন্দর ও বাণিজ্যকেন্দ্র। এ কারণে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর অধিকাংশ উপজেলার মানুষ এখান থেকে কেনাকাটা করেন। এতে ভৈরবে ঈদবাজার জমে উঠেছে। তবে এবারের ঈদবাজারে শাড়ির চেয়ে থ্রি-পিসের কাটতি বেশি। হাল ফ্যাশনে ‘পাখি’ ও ‘কিরণমালা’ বাজার হারালেও তরুণীদের পছন্দের তালিকায় আছে ‘বজরঙ্গী ভাইজান’। তবে এবার ভারতীয় বিভিন্ন নামকরণে বাজারে আসা থ্রি-পিসের একক দাপট নেই। তুলনামূলকভাবে মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের নজর কাড়ছে দেশীয় বুটিকের থ্রি-পিস।
ছবিঘর শপিং কমপ্লেক্সের শিলা ম্যাচিং সেন্টারের মালিক গোলাম মোস্তফা বলেন, শাড়ি নিয়ে বিপদে আছি। তবে এ বিপদ কেটে যাচ্ছে থ্রি-পিসে। এরপরও ভারতের রাজগুরু, স্যামুসিল্ক, ঢাকাইয়া জামদানি, বেনারসি কাতান ও টাঙ্গাইলের তাঁতের শাড়ির কিছুটা কদর আছে।
কয়েকজন ব্যবসায়ী বলেন, বরাবরের মতো এবারও পাঞ্জাবি ও জুতার বিক্রি ভালো। ছেলেদের পাঞ্জাবির মধ্যে পার্টি পাঞ্জাবি, কুর্তা ও খাটো পাঞ্জাবির কাটতি বেশি। এসব পাঞ্জাবি এক হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ ছাড়া মটকা ও সিল্কের চাহিদা রয়েছে। টি-শার্ট ও জিন্স প্যান্টও ঈদবাজারে আছে বেশ দাপটের সঙ্গে। জুতার মধ্যে দেশির চেয়ে বিদেশিটাই বেশি বিক্রি হচ্ছে।
ভৈরবে অল্প আয়ের লোকজন কেনাকাটা করেন জামে মসজিদ সড়কের বউবাজার থেকে। গত বুধবার বউবাজারেও ছিল উপচে পড়া ভিড়। বাজারের প্রায় ৯৫ ভাগ ক্রেতা নারী। তাঁরা অল্প টাকায় গজ হিসেবে থান কাপড় কিনছেন।