শাড়ির টানে ক্রেতাদের ভিড়
রুচিশীল ও মানসম্পন্ন শাড়ির আকর্ষণে চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। শাড়ির পাশাপাশি অলংকার, জুতা এবং শিশুদের পোশাকের বাহারি সম্ভার এই বিপণিকেন্দ্রে। এরই মধ্যে মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা।গতকাল সোমবার দুপুরে ওই বিপণিকেন্দ্রের ভেতরে ঢুকতেই দেখা গেল, করিডোর জুড়ে ক্রেতাদের ভিড়। ভিড় ছিল বেশির ভাগ দোকানেও। ক্রেতাদের বেশির ভাগ নারী ও শিশু।গতকাল এই বিপণিকেন্দ্রে মেহেদীবাগ থেকে শাড়ি কিনতে আসেন গৃহিণী সামিয়া ইসলাম। তিনি বলেন, ‘বছরের অন্যান্য সময়ও এখান থেকে কেনাকাটা করি। আর এখন তো ঈদ। নিজের শাড়ি আর বাচ্চাদের পোশাক কিনতে এসেছি।’মিমির নিচতলাতেই রয়েছে কাঁকন, সুন্দরী, শাওন ভাদো, জ্যোতি, বিবাহ শাড়িজসহ আরও বেশ কয়েকটি শাড়ির দোকান। ঈদ উপলক্ষে এসব দোকানে পাওয়া যাচ্ছে হ্যান্ডলুম, কাঞ্জিবরম, কাতান, গাদোয়ান কটন, বেঙ্গালুরু কটন, দিল্লি কটনসহ নানা ধরনের শাড়ি।গতকাল বিকেলে এই দোকানে তরুণী-নারীদের ভিড় ছিল লক্ষণীয়। এখানে হ্যান্ডলুমের শাড়ি এক হাজার থেকে ৫০ হাজার টাকা, কাতান দুই হাজার ৫০০ থেকে ৪০ হাজার টাকা, জর্জেট দুই হাজার থেকে ১০ হাজার টাকা, গাদোয়ান কটন দুই হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মার্কেটের দ্বিতীয় তলায় রয়েছে অলংকার এবং শিশু পোশাকের দোকান। শিশুদের জন্য তৈরি পোশাকের দোকান গ্রিন ফ্যাশন, শৈশবসহ কয়েকটিতে গিয়ে জানা গেল, এখানে নবজাতক থেকে শুরু করে ১৫ বছর বয়সী শিশুদের পোশাক পাওয়া যায়।মেয়েদের জন্য মিডি, ডিভাইডার, স্কার্ট, লং ফ্রক, পার্টি ফ্রক, টপস, লাচা, দিপু নামের বিভিন্ন পশ্চিমা ধাঁচের পোশাক এবং ভারতীয় পোশাকের মূল্য এক হাজার থেকে ছয় হাজার টাকা। ছেলেদের শার্ট, প্যান্ট, টি-শার্টের দাম পড়বে এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে। তৃতীয় তলায় রয়েছে জুতা, তৈরি পোশাক এবং পাঞ্জাবির দোকান।পাঞ্জাবি তৈরির জন্য সমৃদ্ধ চ্যালিসের স্বত্বাধিকারী মো. জুম্মান প্রথম আলোকে জানান, এবারের ঈদে সুতি ও জর্জেটের ওপর ছাপা, কাতান এবং স্ট্রাইপের কাপড়ের পাঞ্জাবি বেশি চলছে। এই সব পাঞ্জাবির দাম এক হাজার ৩০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত। সাদা পাঞ্জাবির মূল্য ৯৫০ থেকে চার হাজার টাকা। মার্কেটের জুতার দোকানগুলোতেও ভিড় দেখা গেল। নারী-শিশুদের জুতার দাম ৫০০ থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত। ছেলেদের জুতা পাওয়া যাচ্ছে এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে।মিমি সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘লোকজনের হাতে এখনো বেতন-বোনাস আসেনি। তাই বিক্রি শুরু হলেও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। ক্রেতা আকর্ষণে আমরা কুপনের ব্যবস্থাও রেখেছি।’