
বরিশালের ঈদবাজারে শুরুতে মন্দা থাকলেও ১৫ রমজানের পর নগরীর বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে ব্যবসায়ীরা বললেন, আশানুরূপ বিক্রি নেই। তাঁদের ধারণা, এখনো অনেকে বেতন-বোনাস পাননি। এ জন্য ২২-২৩ রমজানের পর বেচাবিক্রি কিছুটা বাড়তে পারে।
তবে সব ধরনের পণ্যের মূল্য এবার বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা অনেকটা অসহায় অবস্থায় পড়েছেন। বিশেষ করে মেয়েদের, শিশুদের পোশাক, জুতার বাজারে গিয়ে এই অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে ক্রেতাদের। বাজার ঘুরে দেখা গেছে, খুব সাধারণ মানের কোনো থ্রিপিসের মূল্য ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। আর জুতার বাজার একইভাবে চড়া। ১ হাজার টাকার নিচে সাধারণ মানের কোনো জুতা মিলছে না বাজারে। এবার বরিশালের ঈদবাজারের পোশাক ও জুতার সিংহভাগ দখল করে আছে বিদেশি পণ্যে।
গত মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে নগরের চরবাজার, গির্জা মহল্লা, সদর রোড এবং লঞ্চঘাট এলাকার হাজি মুহাম্মদ মহসিন হকার্স মার্কেট এবং ফুটপাতগুলো ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড়। কেউ দামদর করছেন, আবার কেউ কিনছেন।
নগরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চকবাজারের বিভিন্ন বিপণিবিতানের তৈরি পোশাক ও থ্রিপিস ও জুতার দোকানগুলোতে বিদেশি কাপড় ও জুতার প্রাধান্য। চকবাজারের ফ্যাশন বাজারের বিক্রয় প্রতিনিধি অজিত সাহা বললেন, ‘এবার মেয়েদের তৈরি পোশাকের বাজার প্রধানত ভারতের পোশাকের দখলে। লাসা, লেহেঙ্গা, গাউন, লংকামিজ, লংফ্রক, পানচু এসব ড্রেসের বেশি চাহিদা তরুণীদের। দেড় হাজার থেকে ৬-৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এসব পছন্দের পোশাক।’
চকবাজারে কেনাকাটা করতে আসা বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ঊর্মি জাহান বলেন, ‘দুটি থ্রিপিস কিনেছি। তবে এবার দাম আগের চেয়ে অনেক বেশি। আর জুতার বাজার ঘুরে যা দেখলাম, সেখানেও মূল্য অনেক বাড়তি।’
চকবাজারের আরেক অভিজাত পোশাকের দোকান তাইতি পয়েন্টের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বললেন, ‘বাজারে বেশির ভাগ পছন্দের পোশাকই ভারতীয়। তবে বেচাবিক্রি কম হওয়ায় আমরা হতাশ। ক্রেতাদের বেশির ভাগ এখন আসছেন দরদাম ঘুরে দেখতে। কিনছেন খুব কম।’
গৃহিণী সেলিনা বেগম নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা করতে। তিনি বললেন, ‘সব জিনিসের দাম এবার আকাশছোঁয়া। মূল্য শুনে মাথা ঘুরে যাচ্ছে। বাজেটের সঙ্গে মেলাতে পারছি না। তবু ঈদ বলে কথা। যত কষ্টই হোক কিনতে তো হবে। এ জন্য ঘুরে দেখছি কীভাবে কিছুটা বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে কেনাকাটা করা যায়।’ চকবাজারের মেয়েদের থ্রিপিসের দোকান শৈলী ফ্যাশনের ব্যবস্থাপক মো. রণি বলেন, ‘প্রতিবছর ১০ রমজানের পর থেকেই ঈদের বাজার জমে ওঠে। কিন্তু এবার ১৮ রমজানেও তেমন জমে ওঠেনি। ক্রেতাদের ভিড় বাড়লেও বেচাবিক্রি আগের বছরগুলোর তুলনায় কম।’
তবে ক্রেতাদের অভিযোগ, এবার সব পণ্যের মূল্যই বাড়তি। নগরীর রূপাতলী আবাসিক এলাকার সরকারি চাকরিজীবী মো. শহিদুল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন চরবাজারে। তিনি বলেন, ‘যেভাবে পণ্যের মূল্য বেড়েছে, তাতে বাজারে এসে মাথা ঘুরে যাওয়ার অবস্থা। বাজারমূল্য বাড়তি হওয়ায় যে টাকা বেতন-বোনাস পাব তা দিয়ে পরিবারের সবাইকে নিয়ে খুশি মনে ঈদ করা দুরূহ।’
তবে হতাশাজনক চিত্র দেখা গেল শাড়ির বাজারে। এবার শাড়ির বাজার খুব মন্দা বলে জানালেন বরিশালের ব্যবসায়ীরা। বুধবার দুপুরে চকবাজারের প্রসিদ্ধ শাড়ির দোকান স্বদেশি বস্ত্রালয়ের তিনটি দোকান ঘুরে দেখা গেল তেমন ক্রেতা নেই। স্বদেশি বস্ত্রালয়ের নতুন শোরুমে গিয়ে দেখা যায়, সাতজন বিক্রয় প্রতিনিধি শীতাতপনিয়ন্ত্রিত এই শোরুমে বেকার বসে আছেন। একজন ক্রেতাও নেই। দোকানের মালিক মৃণাল কান্তি সাহা হতাশা ব্যক্ত করে বললেন, ‘এবার শাড়ির বাজার খুব মন্দা। সকাল থেকে বসে আছি তেমন কোনো ক্রেতা নেই। এখন অনেক নারীই আর শাড়ি পরে না। সালোয়ার-কামিজ পরে বলে শাড়ির বাজারে মন্দাভাব। শাড়ি ছিটেফোঁটা যা চলে, তার বেশির ভাগ টাঙ্গাইলের শাড়ি।’
সদর সড়কে ইজি, রিচম্যান, ক্যাটস আইসহ অন্য ফ্যাশন হাউসগুলোতে কিছুটা ভিড় লক্ষ করা গেলেও বিক্রি আশানুরূপ নয়। তবে এটা আরও দু-চার দিন পর আরও বাড়বে বলে জানালেন এই দুই ফ্যাশন হাউসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে পোশাকের দোকানের চেয়ে জুতার দোকানগুলোতে বেশি ভিড় দেখা গেছে। চকবাজারের মেট্রো শু হাউস, কোহিনূর শু হাউস, বাটা, অ্যাপেক্সের শোরুমগুলোতেও বেশ ভিড় দেখা গেল। কোহিনূর ও মেট্রো শু হাউসের বিক্রয় প্রতিনিধিরা জানালেন, এবার জুতার বাজার দখলে নিয়েছে তিন ভিনদেশ ভারত, ভিয়েতনাম ও চায়না। এই তিন দেশের জুতার চাহিদাই এবার বেশি। কোহিনূর শু হাউসের বিক্রয় প্রতিনিধি মো. খালিদ বললেন, ‘১০ রমজানের পর থেকেই জুতার দোকানগুলোতে ভিড়বাট্টা বেড়েছে। আর বিক্রিও খারাপ না। তবে দেশি জুতার চাহিদা খুব কম। ভারত, ভিয়েতনাম, চায়না এই তিন দেশের জুতার চাহিদা ও বিক্রি বেশি। আকর্ষণীয় ডিজাইন এবং ওজনে হালকা হওয়ায় এসব জুতা কিনতে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। নারী, পুরুষ, শিশু সবাই এই জুতা কিনছেন। মূল্য ১ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে।
ঈদ উপলক্ষে দরজিপাড়ায়ও বেড়েছে ব্যস্ততা। এরই মধ্যে কাজের চাপে দিনরাত সমান হয়ে গেছে দরজিপাড়ার দোকানগুলোর। নগরের ফকিরবাড়ি এলাকার তাবাসুম ফ্যাশনের মালিক ফাতিমা রহমান টিনা বলেন, ১০ রমজানের মধ্যেই আমাদের অর্ডার নেওয়া শেষ। এখন বিশেষ অনুরোধে কিছু অর্ডার নিতে হচ্ছে। তবে কাজের চাপ এত বেশি যে কাজ করে কুলানো যাচ্ছে না।’
এবারের ঈদে মধ্যবয়স্ক নারীদের পছন্দের মধ্যে রয়েছে দেশীয় কামিজ ও বুটিকসের থ্রি-পিস, যা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। তরুণদের পছন্দের তালিকায় রয়েছে পাঞ্জাবির পাশাপাশি ভারত, চায়না ও থাইল্যান্ডের জিনস ও গেভাডিন প্যান্ট। এসব প্যান্ট বিক্রি হচ্ছে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার টাকায়। আর ভারত ও চীন থেকে আনা শিশুদের পোশাক বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত মূল্যে।