শায়খ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড
ফাঁসি কার্যকর হওয়া জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানের দুই সহযোগীকে ৩০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হচ্ছেন আবদুল আজিজ ও মাজেদুল ইসলাম হৃদয়। দুজনকে ৩০ বছর করে কারাদণ্ড ছাড়াও ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ দুজন ‘সূর্যদীঘল বাড়ি’ নামের ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে পরিবার নিয়ে থাকতেন শায়খ আবদুর রহমান। তাঁদের সঙ্গে এ দুজনও থাকতেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ইশতিয়াক আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, রায় ঘোষণার সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট নগরের পূর্ব শাপলাবাগ ‘সূর্যদীঘল বাড়ি’তে অভিযান চালিয়ে শায়খ আবদুর রহমানসহ পরিবারের সদস্যদের আটক করে। এ সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়ালী উল্লাহ বাদী হয়ে শায়খ আবদুর রহমানসহ নয়জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৮ মে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী শায়খ আবদুর রহমানসহ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৮ সালের ২ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। মামলার ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সিলেট থেকে ধরা পড়ার প্রায় এক বছর পর ২০০৭ সালের ৩ মার্চ শায়খ আবদুর রহমানের ফাঁসি কার্যকর হয়। তাই এ মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।