শায়খ রহমানের ছেলেসহ চার জেএমবি সদস্যের আদালতে হাজিরা
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শায়খ আবদুর রহমানের বড় ছেলে নাবিল রহমানসহ চার জেএমবি সদস্য গতকাল বুধবার কুমিল্লার একটি আদালতে হাজিরা দিয়েছেন। আদালতে হাজিরা দেওয়া অন্যরা হলেন আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান।
গতকাল দুপুরে ৪ নম্বর আমলি আদালতের বিচারক নুরুন্নাহার শিউলির আদালতে সাক্ষ্য গ্রহণের সময় পুলিশ জেএমবির এই চার সদস্যকে হাজির করে। এ সময় আদালতে জোরদার নিরাপত্তা ছিল।
কুমিল্লার আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আবু তাহের বলেন, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লার কালিয়াজুরির এক বাসা থেকে জেএমবি সদস্য নাবিল রহমানসহ কয়েকজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। একই দিন র্যা বের অভিযানে জেএমবির বোমা বিশেষজ্ঞ মোল্লা ওমর, তাঁর স্ত্রী ও দুই সন্তান নিহত হন। অভিযানের পর নাবিলসহ এই চার জেএমবির সদস্যের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা হয়। আদালতে এ পর্যন্ত ১৬১ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।