শায়খ রহমানের দুই সহযোগীর ৩০ বছর কারাদণ্ড
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানের দুই সহযোগীকে ৩০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মামলায় গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ রায় দেন।
কারাদণ্ডাদেশ পাওয়া দুই ব্যক্তি হলেন মো. ময়েজুল ইসলাম ওরফে সোনা ওরফে হৃদয় চৌধুরী (৪৯) ও মো. আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজুল ওরফে হানিফ (৩৪)। কারাদণ্ড ছাড়াও তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ইশতিয়াক আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, রায় ঘোষণার সময় দুই আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, সিলেটের ‘সূর্যদীঘল বাড়ী’ থেকে ২০০৬ সালের ২ মার্চ এক শ্বাসরুদ্ধকর অভিযানে শায়খ আবদুর রহমানকে আটক করেন র্যাবের সদস্যরা। এরপর পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও বোমা উদ্ধার করে এবং হৃদয় চৌধুরী ও হানিফকে গ্রেপ্তার করে। কারাদণ্ডাদেশ পাওয়া দুই ব্যক্তি ‘সূর্যদীঘল বাড়ী’ নামের ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে পরিবার নিয়ে থাকতেন শায়খ আবদুর রহমান। তাঁদের সঙ্গে এই দুজনও থাকতেন।
আবদুর রহমানকে আটকের ঘটনায় সিলেট কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়ালী উল্লাহ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে মামলার বাদী ওই বছরের ১৩ এপ্রিল শায়খ আবদুর রহমানসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৭ সালের ৪ জুলাই আদালতে এই
মামলার অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) মাসুক আহমদ সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, সিলেট থেকে ধরা পড়ার প্রায় এক বছর পর শায়খ আবদুর রহমানের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁকে অব্যাহতি দিয়ে অন্য দুই আসামি হৃদয় চৌধুরী ও হানিফকে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে।