শায়খ রহমানের ভাই ওবাইদুর ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানের আপন ভাই জেএমবির নেতা মাওলানা ওবাইদুর রহমান ইবনে আবদুল্লাহকে (৫০) পুলিশ আবার গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। হাকিম দীলিপ কুমার ভৌমিক ওবাইদুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরতলীর ইসলামপাড়া থেকে পুলিশ ওবাইদুরকে গ্রেপ্তার করে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. বোরহান উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় ইসলামপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ওবাইদুর রহমান ইবনে আবদুল্লাহকে টহল পুলিশ আটক করে। পরে তাঁকে সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, তিনি জেএমবির নেতা এবং ফাঁসির রায় কার্যকর হওয়া জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানের ভাই। ওবাইদুর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলা মামলার আসামি হিসেবে গোপালগঞ্জ জেলা কারাগারে আটক ছিলেন।