শায়েস্তাগঞ্জ-আখাউড়া ভৈরব পথে লোকাল ট্রেনটি আবার চলছে
শায়েস্তাগঞ্জ-আখাউড়া-ভৈরববাজার রেলপথে গতকাল সোমবার সকাল থেকে আবার বাল্লা লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। আখাউড়া রেলওয়ে ট্রাফিক বিভাগ সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে বাল্লা লোকাল ট্রেনটি প্রতিদিন শায়েস্তাগঞ্জ-আখাউড়া-ভৈরববাজার রেলপথে চলছিল। সকাল ছয়টায় ট্রেনটি শায়েস্তাগঞ্জ ছেড়ে সাড়ে নয়টার দিকে ভৈরববাজার জংশনে পৌঁছাত। সেখান থেকে সাড়ে ১০টার দিকে আবার শায়েস্তাগঞ্জের উদ্দেশে ছেড়ে যেত। গত ১ জুলাই ট্রেনটির এই পথের যাত্রা বাতিল করে আখাউড়া-সিলেট রেলপথে চালানো শুরু হয়। পরে স্থানীয় লোকজনের দাবির মুখে গতকাল সকাল থেকে ট্রেনটি আবার আগের রেলপথে চলাচল শুরু করেছে।আখাউড়ার রাধানগরের বাসিন্দা আইনজীবী আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ট্রেনটিতে প্রতিদিন আখাউড়া, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগরসহ বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ চলাচল করত। ট্রেনটি এই রেলপথে আবার চলাচল শুরু করায় তাঁরাই বেশি উপকৃত হবেন।