শায়েস্তাগঞ্জে আমন ধানে খোলপচা রোগের আক্রমণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আমন ধানে খোলপচা রোগ দেখা দিয়েছে। এতে ওই এলাকার আমন ফসল ঘরে ওঠানো নিয়ে ঝুঁকিতে পড়েছেন কৃষকেরা। কৃষি অফিস বলছে, বি.আর-১১ জাতীয় ধানের বীজ ব্যবহার করায় এ সমস্যা তৈরি হয়েছে।পাশাপাশি এ দুর্যোগে স্থানীয় কৃষি অফিস থেকে এ বিষয়ে কোনো পরামর্শ বা দিকনির্দেশনা না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার বিনন্দপুর, নিজামপুর ইউনিয়নের বাঙনীপাড়ায় প্রায় ১০০ হেক্টর জমিতে এবার আমন ধান চাষাবাদ করেছেন কৃষকেরা। ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই এই জমিগুলোতে খোলপচা রোগের আক্রমণ দেখা দেয়। বাঙনীপাড়া গ্রামের কৃষক আ. খালেক ও মওলা মিয়া বলেন, ‘ধানের গোড়ায় পচন ধরেছে, যে কারণে এ ধান ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে শঙ্কিত রয়েছি।’ তিনি আরও জানান, ‘স্থানীয় কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছ থেকে কোনো পরামর্শ পাওয়া যাচ্ছে না।’ নিজামপুরের কৃষক রজবউদ্দিন বলেন, ‘কৃষি কর্মকর্তারা কৃষকদের কাছে না এসে বাজারের সার-কীটনাশক ব্যবসায়ীদের দোকানে বসে থাকেন সারা দিন।’একই গ্রামের খিজির মিয়া, আ. হক এবং বিনন্দপুর গ্রামের সুশীল সেন বলেন, ‘কৃষি অফিসের কোনো সহযোগিতা না পেয়ে আমরা অসহায় হয়ে গত কয় দিন আগে বাড়িতে বেড়াতে আসা এলাকার সন্তান খাদ্য মন্ত্রণালয়ের সচিব বি ডি মিত্রের কাছে অভিযোগ করি। পরে তিনি বিষয়টি কৃষি মন্ত্রণালয়কে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকা খামারবাড়ীর মনিটর বিভাগের অতিরিক্ত পরিচালক তরিকুল ইসলাম, হবিগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক আবদুল বাতেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামছুদ্দিন আহমেদসহ কৃষি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন।’হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামছুদ্দিন আহমেদ বলেন, ‘আমন ধানে যে রোগ দেখা দিয়েছে তাকে খোলপচা রোগ বলে। আগাম শীত ও বৃষ্টিহীনতাজনিত কারণে এ সমস্যা প্রকট হয়। এ রোগে আক্রান্ত ধানের গোড়া থেকে পচন ধরে ধীরে ধীরে ওপরে দিকে উঠতে থাকে এবং ধানে থোড় আসতে পারে না। তাই ধানের ফলন না হওয়ার আশঙ্কা থাকে বেশি।’ তিনি জানান, বি.আর-১১ জাতীয় ধানের বীজ ব্যবহার করায় এ সমস্যা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন। এ ছাড়া এটি কোনো মাজরা পোকার আক্রমণ নয় বলে তিনি দাবী করেন।