শিউলি আর কখনো দেখতে পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে শিউলি আক্তার।ছবি: জাহিদুল করিম
হাসপাতালে শিউলি আক্তার।ছবি: জাহিদুল করিম

গৃহবধূ শিউলি আক্তারের চোখের অস্ত্রোপচার শেষ হয়েছে। তিনি দুচোখে আর কখনোই পৃথিবীর আলো দেখতে পাবেন না। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর চোখের অস্ত্রোপচার শেষ হয়েছে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক এ কথা জানান।
গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে স্বামী জুয়েল হাসান চাকু দিয়ে খুঁচিয়ে শিউলির দুই চোখ তুলে ফেলেন। একই ভবনে ভাড়া থাকা অন্য প্রতিবেশীরা শিউলিকে উদ্ধার করে নিয়ে এসেছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার আতিকুল হক প্রথম আলোকে বলেন, ‘শিউলি আর কখনোই চোখে দেখতে পাবেন না। তবে চেহারা দেখতে যাতে খারাপ না লাগে, এ জন্য চোখের মধ্যে কনফার্মার লাগিয়ে দেওয়া হয়েছে। রোগীর শারীরিক অবস্থা ভালো থাকলেও তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন।’
হাসপাতালের অধ্যাপক গোলাম হায়দার ও শওকত আরা শাকুর অস্ত্রোপচার করেন। দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে এ অস্ত্রোপচার।
গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর জামাইবাজার এলাকার ভাড়া বাসায় স্বামী জুয়েল চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে তাঁর স্ত্রীকে ভেতরে রেখেই বাসা তালাবদ্ধ করে চলে যান। চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশের সহায়তায় ঘরের তালা ভেঙে শিউলিকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। পথে দীর্ঘ যানজটের কারণে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রাত পৌনে একটার দিকে তাঁকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়।

গতকাল শুক্রবার শিউলি প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে তিনি জুয়েলকে বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই স্বামীকে নেশা করতে দেখে আসছেন। আগের স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাবেন, তা এনে দেওয়ার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন জুয়েল। এ ছাড়া স্বামী তাঁকে সন্দেহ করতেন।

শিউলি বলেন, ‘ও ইয়াবা না কি জানি একটা খায়। ওই দিন নেশার পরিমাণ বেশি হইছিল। স্বামী সারাক্ষণই ঘর-বাইর করে। তারপরও আমারে সন্দেহ করে। বলে, ঘরে কে আসছিল? বলতে বলতেই আমার মুখে স্কচটেপ মারে। দুই হাত পেছন দিকে বাইন্ধ্যা ফালায়। দুই পা বান্ধে। একসময় খালি বুঝি আমার এক চোখ নাই। তারপর বেহুঁশ হইয়া যাই। একসময় একটু একটু জ্ঞান ফিরলে চারপাশে খালি অন্ধকার দেখি। হাতের বান্ধা একটু আলগা মনে হয়। মুখ থেইক্যা স্কচটেপ টাইন্যা একটু খুইল্যা চিৎকার দেই। আর কিছু মনে নাই।’

আরও পড়ুন: