শিউলির চোখের ব্যান্ডেজ খোলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই চোখ হারানো গৃহবধূ শিউলি আক্তারের চোখের ব্যান্ডেজ আজ রোববার খোলা হয়নি। কাল সোমবার দুপুরের দিকে খোলা হতে পারে। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন শিউলির চোখে অস্ত্রোপচার করা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক শওকত আরা শাকুর। এই চিকিৎসকের অধীনেই ভর্তি আছেন শিউলি।

গতকাল শনিবার শিউলির চোখে অস্ত্রোপচার হয়। আজ সন্ধ্যায় শওকত আরা শাকুর প্রথম আলোকে বলেন, ‘আমরা শিউলির চোখে অস্ত্রোপচার করেছি। পুরোপুরি বিধ্বস্ত চোখ যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। পরে যাতে কৃত্রিম চোখ লাগানো যায় তার প্রাথমিক কাজগুলো করা হয়েছে। কিন্তু আমরা তাঁর চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারব না।’
গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর জামাই বাজার এলাকার ভাড়া বাসায় স্বামী জুয়েল চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে তাঁর স্ত্রীকে ভেতরে রেখেই বাসা তালাবদ্ধ করে চলে যান। চিৎকার শুনে প্রতিবেশী লোকজন পুলিশের সহায়তায় ঘরের তালা ভেঙে শিউলিকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সুপারিশ করা হয়। পথে দীর্ঘ যানজটের কারণে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রাত পৌনে একটার দিকে তাঁকে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়।
শিউলির ভাই মো. রনি প্রথম আলোকে জানান, শনিবার সন্ধ্যায় তাঁর বোন শিউলি আক্তার বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা করেছেন।
আজ হাসপাতালে শিউলিকে দেখতে যান কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, চোখ ওপড়ানোর মতো বর্বর ঘটনায় দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এ জাতীয় সহিংসতা রোধ করা সম্ভব হবে না।
গত শুক্রবার শিউলি প্রথম আলোকে জানান, পাঁচ বছর আগে তিনি জুয়েলকে বিয়ে করেন। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই স্বামীকে নেশা করতে দেখে আসছেন। আগের স্বামীর কাছ থেকে যে সম্পত্তি পাবেন, তা এনে দেওয়ার জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন জুয়েল। এ ছাড়া স্বামী তাঁকে সন্দেহ করতেন।