
বুকটাই ভেঙে গিয়েছিল। ভেতর থেকে দলা পাকিয়ে উঠে আসছিল কান্নার স্রোত। এত মানুষের সামনে কি কাঁদা যায়? লজ্জার শিকল দিয়ে আটকে রাখতে চেয়েছিলেন অবুঝ কান্নাকে। পারেননি। পলকা শরীরটাকে নিয়ে পোডিয়ামে উঠে মাথা নিচু করে রেখেছিলেন। আটকাতে না পারলেও উথলে আসা কান্নাটাকে যেন আড়াল অন্তত করা যায়। গলায় মেডেল। মাইকে তাঁর নাম। আশপাশে সবার করতালি। কিন্তু শিউলি সাথীর চোখে বাঁধভাঙা আবেগ। আক্ষেপ—ইশ্ পারলাম না, একটুর জন্য!
ছবিটা ২০০৭ সালের অক্টোবরের। সেবার চীনের সাংহাইয়ে বসেছিল গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকের আসর। এমনিতে বচি খেলাটাই তিনি ভালো খেলেন। কিন্তু প্রচণ্ড আগ্রহ ছিল ব্যাডমিন্টনে। তাঁর আগ্রহ দেখেই বচির পাশাপাশি ব্যাডমিন্টনেও প্রশিক্ষণ দিয়েছেন কোচ কাজী বিলকিস বেগম। আর সেই ব্যাডমিন্টনেই একটুর জন্য সোনা জেতা হয়নি। সেবারের অলিম্পিকে মাত্র এক পয়েন্টে হেরে গিয়েছিলেন।
কিন্তু জীবন তাঁকে শিখিয়েছে, সব সময় প্রথম হতে নেই। কখনো কখনো দ্বিতীয় হওয়াটাও ভালো। একটুর জন্য না পারার আক্ষেপ নতুন আগুনের জন্ম দেয় মনের ভেতরে। সূর্যোদয় হয় নতুন প্রতিজ্ঞার। দ্রুতই কান্না মুছে শিউলি তাই ঠিক করে ফেলেন, পরেরবার আরও ভালো কিছু করবেন। সেই প্রতিজ্ঞায় অটল ছিলেন বলেই হয়তো ২০০৯ সালে ব্রুনাইয়ের এশিয়া প্যাসিফিক গেমসে বচিতে জিতলেন তিন তিনটা সোনা! ২০০৫ সালে একই প্রতিযোগিতায় জিতেছিলেন একটি সোনা আর একটি রুপা।
মনের ভেতরের এই খ্যাপা জেদটাই তাঁর আসল শক্তি। এই জেদের কারণেই নিজের পায়ে ভর করে উঠে দাঁড়িয়েছেন—আক্ষরিক অর্থেই। শিউলি যে জন্ম থেকে একটা লম্বা সময় পায়ে ভর দিয়ে হাঁটতেই পারেননি। তাঁর বেঁচে থাকাটাই তো আশ্চর্যজনক ঘটনা!
অপরিণত জন্ম হয়েছিল শিউলির। পৃথিবীর আলো-বাতাস গায়ে মাখতে তর সইছিল না বলেই হয়তো মাত্র ছয় মাসেই মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসেন। কিন্তু এমন অপরিণত বয়সে জন্মালে সেই শিশুর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। শিউলির তখনো যে চোখই ফোটেনি!
অভাবের ঘরে আর একটি বাড়তি মুখ কখনো আনন্দের সংবাদ বয়ে আনে না। একে তো কন্যাশিশু, তার ওপর সেই শিশুটিও যদি হয় এমন! শিউলির পৃথিবীতে আসার খবরে তাঁর মা ছাড়া বোধ হয় আর কেউই খুশি হননি। হয়েছিলেন আরেকজন। তাঁর ধাই-মা। এই দুই মায়ের অবিশ্বাস্য পরিশ্রম, চেষ্টা আর প্রতিমুহূর্তের প্রার্থনায় শিউলিকে কেড়ে নিতে পারেনি মৃত্যুদূত।
বেঁচে গিয়েছিলেন। কিন্তু অপরিণত জন্মের কুফল ঠিকই ভোগ করতে হয়েছে। মস্তিষ্কের অপূর্ণ বিকাশ। সেই সঙ্গে লিকলিকে শরীর। হাঁটাচলা করার অক্ষমতা। সমাজের দূর দূর ছাই ছাইও শুনতে হয়েছে। শিউলির গল্পটা আর দশটা প্রতিবন্ধী শিশুর মতোই ছিল এই পর্যন্ত। কিন্তু সেই গল্পের মোড় পাল্টে দিয়েছেন তিনি। অন্যের সহযোগিতা অবশ্যই ছিল। এ জন্য তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। তবে এই পরিবর্তনের সবচেয়ে বড় যোদ্ধা তো তিনি নিজেই।
‘সবাই বলছিল বাতিল! কিচ্ছু হইব না! বললেই মাইনা নিতে হইব? এত সোজা!’ গ্রামীণফোনের সেই বহুল আলোচিত বিজ্ঞাপন কার না হৃদয় তোলপাড় করেছে? সত্যিকারের শিউলি যেন এর চেয়েও জেদি, দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর আসল লড়াইটা তো আর খেলার মাঠে নয়। মাঠের বাইরে। যেখানে তাঁর প্রতিপক্ষ কাঁধে জোয়াল হয়ে চেপে বসা সীমাহীন দারিদ্র্য। প্রতিপক্ষ প্রতিকূলতা। অভাবের সঙ্গে নিত্য লড়াই করেই টিকে আছেন। কখনো হয়তো তিন পা এগোতে গিয়ে দুপা পেছাতেও হচ্ছে।
ঢাকার গেন্ডারিয়ার বস্তিতে বেড়ে ওঠা। ধূপখোলার ধুলোমাখা মাঠে শুরু প্রথম জীবনের লড়াই। সুইড-বাংলাদেশের (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিজঅ্যাবলড) গেন্ডারিয়া শাখা ছোট থেকেই তাঁর পরিচর্যা করছে। এই সংস্থার কাছে তাই তাঁর কৃতজ্ঞতার শেষ নেই। এখনো এই প্রতিষ্ঠানেই নৃত্যশিক্ষা সহকারী হিসেবে চাকরি করে জীবন চালাচ্ছেন। নাচের পাশাপাশি গানেও তাঁর ভীষণ শখ।
নিজের স্বল্প আয়ে বাবা-মায়ের দেখভাল করেছেন। মাত্র কদিন আগে অসুস্থ বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি এখনো। গতবার নিজের বেতনে প্রথমবারের মতো বাবা-মাকে ঈদের জামা কিনে দিয়েছিলেন। ২৫ বছর বয়সী এই তরুণী নিশ্চয়ই ঘর বাঁধার স্বপ্ন দেখেন। কিন্তু অন্যের বোঝা হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। এমন একজনকে সঙ্গী হিসেবে চান, যিনি হৃদয় দিয়ে অনুভব করবেন তাঁর কষ্ট।
প্রথম আলোকে শিউলি নিজের চাওয়া সম্পর্কে বলেছেন, ‘সুইড-বাংলাদেশের ছোট ছোট বাচ্চার জন্য একটি খেলার মাঠ, প্রশিক্ষণের জন্য রয়েছে বিভিন্ন সরঞ্জাম। খেলার মাঠটি যেন স্টেডিয়ামের মতো সুন্দর হয়।’
কিন্তু নিজের জন্য কি কোনোই চাওয়া নেই? ‘আমি চাইলেই সরকার দিব নাকি। আমি যদি আমার জন্য একটা ঘর চাই তা কি কেউ দিব? আমি জানি, দিব না। তাই কিছু চাই না’—বলেছেন তিনি।
অন্যের গলগ্রহ হয়ে থাকতে চান না। চান না করুণা ভিক্ষা। নিজের লড়াইটা নিজেই লড়তে চান। ১৫ বছর বয়সে যে লড়াইয়ের শুরু, প্রথম নিজের পায়ে ভর দিয়ে দেওয়া দৌড়। সেই দৌড় যেন এখনো চলছে। তিনি যেন ফরেস্ট গাম্প–এর ফরেস্ট। রান ফরেস্ট, রান!
আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: ab@prothom–alo.info