শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ২০ ঘণ্টা পর উদ্ধার
ভারত থেকে গরু চুরি করে আনার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ গ্রামের আবদুল হামিদকে (৩৫) কলারোয়ার কেড়াগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইয়ার আলীর কার্যালয়ে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ২০ ঘণ্টা পর গত শনিবার রাত ১০টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্য ইয়ার আলীসহ তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।মামলায় উল্লেখ করা হয়, গত শুক্রবার রাত ১১টার দিকে বাঁশদাহ গ্রামের আবদুল হামিদকে কেড়াগাছি ইউপি সদস্য ইয়ার আলীর নেতৃত্বে অপহরণ করা হয়। পরে ইয়ার আলীর ব্যক্তিগত কার্যালয়ে আটকে শিকল দিয়ে বেঁধে রেখে ব্যাপক নির্যাতন চালানো হয়। আবদুল হামিদের মুক্তির জন্য আসামিরা ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।কেড়াগাছি ইউপি সদস্য ইয়ার আলী বলেন, ‘ভারতের তারালি এলাকা থেকে দুটি গরু চুরি করে আনে আবদুল হামিদসহ তিনজন। তারা আমার কাছে অভিযোগ করায় আমি আবদুল হামিদকে ধরে নিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে মারধর করেছি। তবে তাকে শিকল দিয়ে বেঁধে মারিনি।’আবদুল হামিদ বলেন, ‘আমি গরু চুরি করি নাই। পূর্বশত্রুতার কারণে তারা আমাকে রাতে বাড়ি থেকে ধরে এনে শিকল দিয়ে বেঁধে মারধর করেছে।’কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস বলেন, ইউপি সদস্য ইয়ার আলীর বাড়ির পাশের অফিস কক্ষ থেকে আহত অবস্থায় আবদুল হামিদকে উদ্ধার করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।