শিকল দিয়ে বেঁধে নির্যাতন শিক্ষক ও বাবার জরিমানা
বগুড়ার শিবগঞ্জের মাদ্রাসাছাত্র নূর ইসলামকে (১০) শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার দায়ে বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত শিক্ষক আবদুস ছালাম এবং ওই ছাত্রের বাবা জালাল উদ্দিনকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।পরে জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা মুক্তি পান। পুলিশ জানায়, উপজেলার গোরনা গুচ্ছগ্রামের জালাল উদ্দিনের ছেলে নূর ইসলাম শিবগঞ্জ সদরের অদূরে হেলিপ্যাড এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ্ বোর্ডিংয়ে থেকে মোক্তব শ্রেণীতে লেখাপড়া করত। সেখানকার পরিবেশ পছন্দ না হওয়ায় নূর ইসলাম প্রায়ই মাদ্রাসা থেকে পালাত। গত মঙ্গলবার মাদ্রাসা থেকে পালিয়ে যায় নূর ইসলাম। পরে তার বাবা জালাল উদ্দিন তাকে ধরে এনে মাদ্রাসায় রেখে গেলে কর্তৃপক্ষ তার বাঁ পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখে। মাদ্রাসা থেকে পালানোর জন্য মঙ্গলবার রাতে মারধর করা হয় তাকে। এরপর বুধবার সকালে একটি খুঁটির সঙ্গে শিকল আটকিয়ে মাদ্রাসার মাঠে বেঁধে রাখা হয়।দুপুরের দিকে সবার চোখ ফাঁকি দিয়ে সেই খুঁটি উপড়ে চম্পট দেয় নূর ইসলাম। শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিউটি বেগমের কাছে গিয়ে সাহায্য চাইলে বিষয়টি ফাঁস হয়ে যায়। বিষয়টি নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারেক ওই শিক্ষককে আটক করার জন্য পুলিশকে নির্দেশ দেন। পরে পুলিশ শিক্ষক আবদুস ছালামকে আটক করে। সেই সঙ্গে ডেকে আনা হয় ওই ছাত্রের বাবা জালাল উদ্দিনকে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নূরের বাবা জালাল উদ্দিন ও মাদ্রাসাশিক্ষক আবদুস ছালামকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে পাঁচ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও এ কে এম তারেক।জালাল উদ্দিন বলেন, ‘শিক্ষককে বলেছিলাম ছেলেকে আটকিয়ে রাখতে। কিন্তু শিকল পরিয়ে আটকিয়ে রাখবে তা ভাবিনি।’ শিক্ষক আবদুস ছালাম জানান, শিকল দিয়ে বেঁধে রাখা ঠিক হয়নি। তবে জালাল উদ্দিনের কথামতোই তাকে শিকল পরানো হয়েছিল।শিবগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তিরা জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পেয়েছেন। আর কোনো ছাত্র যাতে এ ধরনের নির্যাতনের শিকার না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।