শিকল বাঁধা হাতে কলম রেখে মানববন্ধন
লোহার শিকলে বাঁধা দুই হাত। শিকলবন্দী ডান হাতে কলম—আক্রান্ত হাত আর কলমের সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতীকী উপস্থাপন করে চলে ‘সাংবাদিক নির্যাতন, হয়রানি ও হত্যার প্রতিবাদে শিকল বাঁধা মানববন্ধন’। গতকাল শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এভাবে সাংবাদিক নির্যাতনবিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করে এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) নামের স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচি পালন প্রসঙ্গে সংগঠনের নেতারা জানান, একের পর এক সাংবাদিক নির্যাতিত হচ্ছেন। কিন্তু বিচার হচ্ছে না। হত্যা ও নির্যাতনের শিকার সাংবাদিকেরা হলে দেশ চলবে কীভাবে? এ প্রশ্ন সামনে রেখে অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন। দুপুর ১২টায় মানববন্ধনে একাত্ম হওয়াদের সারিবদ্ধ অবস্থান গ্রহণ শেষে নির্যাতনের প্রতীকী অবস্থা বোঝাতে সবার হাতে শিকল পরিয়ে তুলে দেওয়া হয় কলম। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার ও সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস। শিকলবন্দী হাতে কলম রেখে মানববন্ধন চলাকালে কর্মসূচির প্রতি একাত্ম হন সাংবাদিক নেতারাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ।