শিকলবাঁধা তরুণ ফরিদপুর থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাব-৮ রাজবাড়ীর একটি দল শুক্রবার রাতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় বোরহান শেখ (২২) নামের রাজবাড়ীর এক তরুণকে ফরিদপুরের শিবরামপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে। বোরহান শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাঘঝাপা শালীপুর গ্রামের হারুন শেখের ছেলে। তাঁরই এক আত্মীয় পাওনা টাকা আদায়ের জন্য শিকল দিয়ে তিন দিন ধরে বেঁধে রাখে। র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসাইন জানান, পারিবারিক আত্মীয়তার সূত্র ধরে ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের মিলন খান নামের এক ব্যক্তি বোরহানের বাবা হারুণ শেখের কাছে বিদেশে যাওয়ার জন্য ৭৬ হাজার টাকা দেন। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করায় অবশিষ্ট ২৭ হাজার টাকার জন্য গত বুধবার বিকেলে বোরহানকে কৌশলে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে আটক করে পায়ে শিকল দিয়ে তালা দিয়ে তাঁর মা-বাবার কাছে সংবাদ দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বোরহানের বাবা র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পকে জানালে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে বোরহানকে উদ্ধার করে তাঁর মা-বাবার কাছে পৌঁছে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বোরহানের বাবার কাছে পাওনা ২৭ হাজার টাকা এক মাসের মধ্যে ফেরত দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দুই পক্ষের বিরোধ মীমাংসা করেন।