শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে আগুন: তিন ঘণ্টা সরবরাহ বন্ধ

চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ফলে দক্ষিণ চট্টগ্রামে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার পাশাপাশি বান্দরবান ও কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
আজ রোববার বিকেল তিনটা ১৮ মিনিটে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটের একটি ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ট্রান্সফরমারটি ছিল বিদ্যুৎকেন্দ্রের বাইরে। ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন এই ট্রান্সফরমার দিয়ে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ বিতরণ করা হতো।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পিডিবির প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণ অঞ্চল) মো. আজাহারুল ইসলাম প্রথম আলোকে জানান, এই ট্রান্সফরমারে আগুন লাগার কারণে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে।
সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। বিকল্প একটি ১৩২ / ৩৩ কেভি লাইনের মাধ্যমে আস্তে আস্তে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে পিডিবি সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আগুন লাগার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের সাতটি পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসবাহী গাড়ি পৌনে ছয়টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর আধ ঘণ্টা পরই সোয়া ছয়টার দিকে পুনরায় একই ট্রান্সফরমারে আগুন জ্বলে ওঠে। পরে তা আবার নিভিয়ে ফেলা হয়। আগুনের কারণে পাশের আরেকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। তবে সেটিতে আগুন লাগেনি।
এ ব্যাপারে জানতে চাইলে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক বিজয় ভূবন দত্ত প্রথম আলোকে জানান, শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে একটি ৬০ মেগাওয়াট এবং অন্যটি ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। আজ রোববার ৬০ মেগাওয়াট ইউনিটের বাইরে একটি সরবরাহ লাইনের ট্রান্সফরমারে বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন।
বিজয় ভূবন দত্ত আরও জানান, ট্রান্সফরমারে আগুন লাগার কারণে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করতে কিছুদিন সময় লাগবে। ১৫০ মেগাওয়াট ইউনিটটি রক্ষণাবেক্ষণের জন্য গত কয়েক দিন ধরে বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণ শেষ হলে সেটি চালু করা যাবে বলে তিনি আশাবাদী।