শিকলমুক্তি থেকে চিরমুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক ভারসাম্যহীন বলে চন্দন সবরের (৩০) হাত-পায়ে লোহার শিকল পরিয়ে দীর্ঘদিন ঘরে বন্দী করে রাখেন স্বজনেরা। সম্প্রতি তাঁকে শিকলমুক্ত করা হয়।
গতকাল মঙ্গলবার ভোরে আত্মহত্যা করেন তিনি। চন্দন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানের রাজাবাড়ি টিলা এলাকার শ্রীবাস সবরের ছেলে। এ ব্যাপারে জুড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ভোর পাঁচটার দিকে ঘুম থেকে জেগে বাড়ির বাইরে বের হন চন্দন।
খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি বাড়ির কাঁঠালগাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
চন্দনের বাবা শ্রীবাস সবর দাবি করেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন তাঁর চিকিৎসা করান। সুস্থ হয়ে উঠলে মাস খানেক আগে তাঁকে শিকলমুক্ত করা হয়। হঠাৎ কী কারণে চন্দন আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটা তাঁর বোধগম্য হচ্ছে না। চন্দনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
জুড়ী থানার উপরিদর্শক তাপস চন্দ্র রায় বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোনে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত চন্দনের শরীরে কোনো আঘাত দেখা যায়নি।