শিকলে বন্দী তানিয়া
বরগুনার পাথরঘাটার বাদুড়তলা গ্রামে তানিয়া আকতার নামের ১৫ বছরের একটি মেয়ে লোহার শিকলে তালাবদ্ধ দিনযাপন করছে। নিজ বাড়িতে গত পাঁচ থেকে ছয় দিন ধরে এভাবেই তার দিন কাটছে। বাবা-মা তানিয়াকে এভাবে বন্দী করে রেখেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে তানিয়া আকতারের অমতে তাকে বিয়ে দেন তার বাবা-মা। গত ২৭ অক্টোবর সে আইনজীবীর সহায়তায় তার স্বামীকে তালাক দিয়ে প্রতিবেশী নারী ইউপি সদস্য হেলেনা বেগমের বাড়িতে আশ্রয় নেয়।
এরপর তানিয়ার বাবা ফোরকান চাপরাশি হেলেনা বেগমসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা করেন। পরে পুলিশ গিয়ে তানিয়াকে হেলেনার বাড়ি থেকে উদ্ধার করে। পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের পারিবারিক বিরোধ নিষ্পত্তি কমিটির সভাপতি ও নারী ইউপি সদস্য হেলেনা বেগম জানান, এ ঘটনা ইউনিয়ন পরিষদকে জানিয়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছিল।
গতকাল শনিবার ফোরকান চাপরাশির বাড়িতে গিয়ে তানিয়াকে শিকলবন্দী অবস্থায় দেখা গেছে। তাঁর মা মাহমুদা হাসি এ প্রতিবেদককে দেখে তানিয়ার হাত থেকে শিকল খুলে দেন। তানিয়া প্রথম আলোকে বলে, ‘স্বামীকে তালাক দেওয়ার পর আমি হেলেনা খালার বাড়িতে আশ্রয় নিই। পরে মা-বাবা ওই বাড়ি থেকে আমাকে জোর করে ধরে নিয়ে আসার পর থেকে আমার হাতে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখেন তাঁরা।’ মুঠোফোনে জানতে চাইলে তানিয়ার বাবা বলেন, ‘আমার মেয়েকে আমি শিকল দিয়ে বেঁধে রাখব তাতে কার কী?’ তাঁর মা বলেন, মেয়েটি কোথাও চলে যেতে পারে, তাই মাঝেমধ্যে শিকল দিয়ে বন্দী করা হয়।