শিকলে বাঁধা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হালিম
আবদুল হালিম

তিন বছর ধরে যুবক সন্তানকে শিকলে বেঁধে রেখেছেন অসহায় বাবা-মা। কোনোমতে নুন-ভাতে কাটে তাঁদের জীবন। ছেলের চিকিৎসার চিন্তা তাঁদের কাছে বিলাসিতার সমান। তাই বৃদ্ধ মাকেই ছেলের খাওয়ানো থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতার যাবতীয় কাজ করতে হয়। তিনি চোখ বুজলে ছেলের কী হবে, তা ভেবে চোখের পানি ফেলেন বাবা-মা। এত কষ্টের মধ্যে আবার এক বছর যাবৎ ছেলেটির বাবাও পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী।
হতভাগ্য ছেলেটির নাম আবদুল হালিম (৩০)। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের উত্তর গুয়াগাঁও কলেজ মোড়ের বজিরুল ইসলামের বড় ছেলে তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন হালিম। তখন অন্যের চালকলে শ্রমিকের কাজ করে দরিদ্র বাবা-মাকে সাহায্য করতেন। এরপর প্রায় ১৪-১৫ বছর আগে কী এক রোগ হয়। তারপর থেকে তাঁর মানসিক সমস্যাও দেখা দেয়।
হালিমের বাবা বজিরুল ইসলাম বলেন, ২০০২ সালে অসুস্থ হয়ে পড়ার পর হালিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও পাবনা মানসিক হাসপাতালের কনসালট্যান্ট আলতাফ হোসেন মণ্ডলকে দেখানো হয়। তখন কিছুদিন চিকিৎসা চালানোর পর টাকার অভাবে তা বন্ধ হয়ে যায়। প্রাথমিক চিকিৎসায় হালিম অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছিলেন। পরে ২০১০ সালের দিকে হালিমের মানসিক রোগ আরও বাড়ে। বেপরোয়া হয়ে ওঠেন তিনি। যখন-তখন নদীতে নেমে যেতেন, যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করতেন, মানুষকে মারধর করতেন। কোনো উপায় না পেয়ে তখন থেকে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখা শুরু করেন তাঁরা।
মহল্লার বাসিন্দা মো. সাদেক বলেন, বড় ছেলে হালিমের এ অবস্থা। এক বছর ধরে ছেলেটার বাবাও পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানা নিয়েছেন। বয়স্ক ভাতাও জোটেনি বাজিরুলের ভাগ্যে। একখণ্ড শত্রু-সম্পত্তির ওপর ঘর তুলে থাকে পরিবারটি। সুস্থ থাকাকালে বজিরুল অন্যের জমিতে আবাদ করতেন। এখন সংসারটা একেবারে অচল। প্রতিবেশীরা যা দেন, তা দিয়ে আর তৃতীয় ছেলের দিনমজুরির আয়ে ভর করে চলে পরিবারটির দিন। আরও দুই ছেলে আছে এই দম্পতির। কিন্তু তারা বাবা-মাকে ছেড়ে চলে গেছেন।
ঠাকুরগাঁওয়ের ভেলাজান গ্রামের বাসিন্দা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শারীরবিদ্যা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আবেদুর রহমান বলেন, লক্ষণ শুনে মনে হচ্ছে এটা সিজোফ্রেনিয়া ধরনের একটি রোগ। এসব রোগীকে যথাযথ চিকিৎসা দেওয়া হলে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনাই বেশি। এই চিকিৎসা দেশেই করানো সম্ভব বলে জানান তিনি।