শিকলে বাঁধা হনুমানটি ১৫ দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে শিকলে বাঁধা হনুমানটিকে ১৫ দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের মনজুর হোসেনের বাড়ি থেকে বন বিভাগের লোকজন হনুমানটিকে উদ্ধার করেন।

শেরপুর বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, তিন সপ্তাহ আগে ওই হনুমানটিকে বগুড়ার সারিয়াকান্দিতে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজনের কাছে হনুমানটি আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন সারিয়াকান্দি-জামালপুর সীমানার যমুনা নদীর চরে হনুমানটিকে ছেড়ে দেন। সেখান থেকে ১২ জানুয়ারি হনুমানটি মাদারগঞ্জ উপজেলায় প্রবেশ করে। ওই দিনই কোয়ালিকান্দি গ্রামের মনজুর হোসেন হনুমানটিকে ধরে শিকলে বেঁধে তাঁর বাড়িতে রাখেন। এরপর হনুমানটিকে দেখতে ওই বাড়িতে শত শত মানুষ ভিড় করছিল। শিকলে তালাবদ্ধ ও মানুষের ভয়ে হনুমানটি খাবার খাওয়া বন্ধ করে দেয়। গত বুধবার শেরপুর বন বিভাগের বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। গতকাল দুপুরে ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের দুই সদস্যের একটি দল ওই গ্রামে আসে। এরপর মনজুর হোসেনের বাড়ি থেকে হনুমানটিকে তাঁরা উদ্ধার করেন।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, দেশের কোনো বনাঞ্চল থেকে কলার ট্রাকে করে হনুমানটি প্রথমে সারিয়াকান্দিতে যায়। সেখান থেকে জামালপুরের মাদারগঞ্জে প্রবেশ করে। হনুমানটি প্রায় ১৫ দিন মানুষের হাতে আটক ছিল। হনুমানটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তবে গুরুতর কোনো সমস্যা নেই। পরীক্ষা-নিরীক্ষা শেষে যশোরের কেশবপুরে হনুমানটি অবমুক্ত করা হবে।