গাজীপুরের শ্রীপুর উপজেলায় লোহার শিকল দিয়ে বেঁধে এক নারীকে (২০) নির্যাতন ও জোর করে যৌন ব্যবসা করানোর অভিযোগে তাঁর কথিত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গত সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আলী হোসেন৷ তার বাড়ি শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংদিঘী৷ তার বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী৷
নির্যাতনের শিকার ওই নারী, এলাকাবাসী ও পুলিশ জানায়, তাঁর খালাত বোনের এক বান্ধবী গত বছরের অক্টোবর মাসে তাঁকে বেড়ানোর কথা বলে সিংদিঘী গ্রামে আলী হোসেনের বাড়িতে নিয়ে যান৷ আলী হোসেন তাঁকে বাড়িতে আটকে রেখে ইমাম ডেকে জোর করে বিয়ে করে৷ বিয়ের রাতেই তাঁকে নির্যাতনের পর আলী হোসেন এক যুবক নিয়ে এসে শারীরিক সম্পর্ক করতে বলে৷ তিনি রাজি না হলে বেদম মারধর করা হয়৷ আলী হোসেনের সহযোগিতায় যুবকটি তাঁকে ধর্ষণ করে৷ বিয়ের তিন দিন পর আলী হোসেনের প্রথম স্ত্রীর সহযোগিতায় তিনি পালিয়ে নিজেদের বাড়িতে চলে আসেন৷ কিন্তু লোক-লজ্জার ভয়ে তিনি ধর্ষণের ঘটনা চেপে গিয়ে পরিবারের কাছে বিয়ের কথা প্রকাশ করেন৷ ১৫ দিন পর দুই ব্যক্তির সহযোগিতায় আলী হোসেন তাঁকে শ্রীপুরের নয়নপুর বাজার থেকে তুলে নিয়ে যান৷ আলী হোসেন আবারও তাঁকে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করে৷
নির্যাতিত নারী জানান, আরও একবার তিনি পালিয়ে শ্রীপুরের এক আত্মীয়ের বাড়িতে থাকতেন৷ গত মার্চ মাসের শেষ সপ্তাহে তাঁর অবস্থান জেনে আলী হোসেন আবারও তাঁকে তুলে নিয়ে যায়৷ তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আলী হোসেন তাঁকে মানসিক রোগী ও স্ত্রী বলে দাবি করে৷ এরপর আলী হোসেন তাঁর হাত-পায়ে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রাখে৷ ওই অবস্থায় তাঁকে দিয়ে যৌন ব্যবসা করানো হতো৷ বাধা দিলে প্রচণ্ড মারধর করত আলী৷
গত শনিবার সকালে ওই নারীকে শিকল বাঁধা অবস্থায় বাইরে গোসল করাতে গেলে এক প্রতিবেশী দেখে ফেলেন৷ ঘটনা জেনে মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূরুল ইসলাম আলীর বাড়িতে যান৷ কিন্তু আলী হোসেন ঘর না খুলেই তাঁকে বকাঝকা করে বাড়ি থেকে বের করে দেন৷ নূরুল ইসলামের কাছে খবর পেয়ে পুলিশ গত রোববার দুপুরে ওই বাড়িতে অভিযান চালায়৷ পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে শিকল বাঁধা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে৷ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আলী হোসেনকে গ্রেপ্তার করে৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির প্রথম আলোকে বলেন, আলী হোসেন ওই নারীকে নির্যাতন করে জোর করে যৌন ব্যবসা করানোর কথা স্বীকার করেছে৷ তাকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে৷