শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় চারজন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পুশ আমলা গ্রামে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক নারীকে শিকলে বেঁধে নির্যাতন করার ঘটনায় গত শুক্রবার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।কারাগারে পাঠানো চার ব্যক্তি হলেন উপজেলার জঙ্গল ইউনিয়নের পুশ আমলা গ্রামের বিষ্ণু কুমার ধর, শিশির কুমার মণ্ডল, তপন বাড়ুনী ও সুনীল কুমার বিশ্বাস।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামের জগেন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী শুভধরা মণ্ডল আর্থিক দৈন্যের কারণে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নেন। এসব ঋণের সুদ পরিশোধ করার জন্য কয়েকজন প্রতিবেশীর কাছ থেকে আবারও ঋণ নেন। সম্প্রতি তিনি ১৭ শতাংশ জমি বিক্রি করেছেন। এ ছাড়া কয়েক দিন ধরে তাঁর স্বামী গা-ঢাকা দেওয়ায় পাওনাদারেরা টাকার জন্য চাপ দেন। গত মঙ্গলবার পাওনাদারেরা এসে টাকা না পেয়ে তাঁকে বারান্দার কাছে পেয়ারাগাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করেন। গত বুধবার বিকেলে পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাখন লাল ঘোষের হেফাজতে রাখে।বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আসলাম শেখ জানান, নির্যাতনের শিকার শুভধরা মণ্ডল বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে গত বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। এর পরপরই বিকেলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।