শিকলে বেঁধে শিশুকে চুবানো হলো পানিতে
১২ বছর বয়সী অবাধ্য ছাত্র আলী শাহকে দমন করতে পায়ে শিকল বেঁধে দুই দিন ধরে খুলনার দিঘলিয়া উপজেলার দারুল উলুম মাদ্রাসায় আটকে রাখা হয়। গত বৃহস্পতিবার বড় একটি কাঠের খণ্ড তার ঘাড়ে তুলে দিয়ে পুকুরে নামানো হলে এলাকার যুবকেরা দেখে এর প্রতিবাদ জানান। শেষে কর্তৃপক্ষ নির্যাতনকারী শিক্ষককে বহিষ্কার করেছে।নির্যাতিত ছাত্র আলী শাহ বলে, ‘আমারে এর আগেও শিকল দিয়ে বান্ধে রাখত। মঙ্গলবার রাত্তিরিতে পায়ে শিকল দিয়ে ঘরের মধ্যি আটকায়ে থোয়, যাতে বারোতি না পারি। বৃহস্পতিবার দুপুরি আমার ঘাড়ে বড় এট্টা কাঠ তুলে দিয়ে পুয়োরি চুবোতি নিয়ে যায়। তহন মানসি দেহে আমারে উদ্ধার করে। আর হুজুররি আমার শিকল দিয়ে বান্দে থোয়। হুজুর শুধু আমারে না, আগে রেজোয়ানরেও শিকল দিয়ে বান্দে থুইল।’ওই মাদ্রাসার ছাত্র শাহিন হাওলাদার, সাকিব ও আশিক জানায়, আলী শাহকে দুই-তিন দিন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।প্রত্যক্ষদর্শী ছাত্র ফারুক হোসেন বলে, ‘মাদ্রাসার এক ছাত্রকে শিকল দিয়ে বেঁধে পানিতে চুবানো হয়েছে—এ খবর শুনে আমরা এসে দেখে এর প্রতিবাদ জানাই।’মাদ্রাসার অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, আলী শাহ পালিয়ে যেতে পারে বলে তার মা-নানি এসে শিকল দিয়ে বেঁধে রাখতে বলেছেন। কিন্তু শিক্ষকের ওই কাজ করা মোটেই ঠিক হয়নি। তাই তাঁকে কমিটি ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্তে বরখাস্ত করা হয়েছে।মাদ্রাসা কমিটির সভাপতি ও পাশের এম এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুজিবর রহমান বলেন, ‘ওই ছেলেকে গোসল করানোর সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। আমি ওই কাজটি ভালো মনে করিনি বলেই তাঁকে বহিষ্কার করেছি।’