আকাশছোঁয়া বিশাল গর্জন বন। নিচে নানা গাছে ভরপুর জঙ্গল। সেখানে বানর আর নানা পাখির কিচিরমিচির আওয়াজ। তার পাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা বেষ্টনী। সেখানে জ্যোতি ধাওয়া করছে ভাই জয়কে। তাড়া খেয়ে জয় এক লাফে আক্রমণ করে বসে বোন জুঁইকে। কে কাকে বধ করে, এই প্রতিযোগিতা নিয়ে চলছে তিন ভাইবোনের মল্লযুদ্ধ। সুন্দরবন না হোক, সাফারি পার্কের বন্য পরিবেশ তাদের মুগ্ধ করছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তিন ভাইবোনের মধ্যে চলে প্রাণী শিকারের এই খেলা বা কৌশল। বিপুলসংখ্যক দর্শনার্থী বাঘের তিন বাচ্চার খেলা দেখতে পার্কে ভিড় জমান। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে আনা বাঘের বাচ্চাগুলো সাফারি পার্কের অভ্যন্তরে পৌঁছে। পার্কের ভেতরে তৈরি করা বেষ্টনীতে বাঘের তিন বাচ্চা অবমুক্ত করেন বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক তপন কুমার দে।সাফারি পার্কের তত্ত্বাবধায়ক (রেঞ্জার) এ বি এম জসীম উদ্দিন বলেন, পার্কের অভ্যন্তরে বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টান শেডের সঙ্গে আলাদা করে তৈরি করা বেষ্টনীতে বাঘের বাচ্চাদের আরও ছয় মাস রাখা হবে। তখন তাদের বয়স হবে এক বছর। দীর্ঘদিন ধরে বাচ্চাগুলো ছোট্ট পরিসরে (ঢাকায়) আবদ্ধ ছিল। আর এই নতুন অতিথিদের শেখানো হচ্ছে শিকারের নানা কৌশল। শিকার দেখার জন্য দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক জাহেদ মো. মালেকুর রহমান বলেন, ১৮ অক্টোবর পর্যন্ত বাচ্চাদের দুধ খাওয়ানো হবে। এরপর প্রতিদিন তাদের খেতে দেওয়া হবে দেড় কেজি করে গরুর মাংস। তাই এখন থেকেই একটু-আধটু করে মাংস খাওয়ানোর অভ্যাস করা হচ্ছে। বর্তমানে বাচ্চা তিনটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। উল্লেখ্য, গত ১১ জুন ঢাকার শ্যামলীর একটি বাসা থেকে বাঘের বাচ্চাদের উদ্ধার করে র্যাব-২।